সিন্ধু কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির কাছে হেরে গিয়েছেন ১৪-২১, ২১-১৩, ১৬-২১ ব্যবধানে।

পিভি সিন্ধু
শেষ আপডেট: 29 August 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ আটেই দৌড় শেষ হয়ে গেল পিভি সিন্ধুর (PV Sindhu)। এর আগে শেষ ষোলোর লড়াইয়ে বিশ্ব মহিলা সিঙ্গলস র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা চিনের ওয়াং ঝিকে স্ট্রেট সেটে হারিয়ে বিডব্লিউএফ বিশ্বচ্যাম্পিয়নশিপের (BWF World Championship) শেষ আটে পা রেখেছিলেন অলিম্পিক্সের জোড়া পদকজয়ী সিন্ধু (Quarterfinal)। তাই তাঁকে নিয়ে প্রচুর প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে হেরে (Lost in quarter-finals) যেত হল এই ভারতীয় শাটলারকে।
সিন্ধু কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির কাছে হেরে গিয়েছেন ১৪-২১, ২১-১৩, ১৬-২১ ব্যবধানে। ওয়ারদানিকে হারাতে পারলেই বিশ্বের প্রাক্তন এক নম্বর সিন্ধুর ক্যাবিনেটে ঢুকে পড়ত ষষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক। কিন্তু দ্বিতীয় সেট জেতার পরও এক ঘণ্টা দুই মিনিটের লড়াইয়ে হেরে গিয়ে পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।
শেষ আটে বিশ্বের ১৫ নম্বর সিন্ধু শুরু করেন কিছুটা মন্থর গতিতে। প্রথম সেট সহজেই জিতে নেন ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ। তবে দ্বিতীয় সেটে ফিরে এসে ওয়ারদানির ভুলের সুযোগ নিয়ে সমতায় ফেরেন ভারতীয় শাটলার। এরপর তৃতীয় সেটেও একটা সময় পর্যন্ত লড়াইয়ে ছিলেন সিন্ধু। ১৭-১৬ স্কোরে সিন্ধু যখন পিছিয়ে ছিলেন, তখন ওয়ারদানি পরপর চারটি পয়েন্ট তুলে নিয়ে শেষ চারে উঠে যান।
সিন্ধুর আগে দেশকে হতাশ করেছেন ভারতের মিক্সড ডাবলস জুটি তানিশা ক্রাস্টো এবং ধ্রুব কপিলা জুটিও। তাঁরাও বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে। যদিও এখনও পুরুষদের ডাবলসে আশার আলো দেখাচ্ছে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই জুটি মুখোমুখি হবে মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং উ ইক সোহের।