২০ জুন প্যারিস ডায়মন্ড লিগ ২০২৫ স্টেড সেবাস্তিয়ান-চার্লেটিতে অনুষ্ঠিত হতে চলেছে। দোহার পর এই মরশুমে দ্বিতীয়বার ডায়মন্ড লিগে অংশ নেবেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়া। আট বছর পর প্যারিস ডায়মন্ড লিগে ফিরছেন নীরজ।

নীরজ চোপড়া
শেষ আপডেট: 20 June 2025 15:05
দ্য ওয়াল ব্যুরো: মরশুমের প্রথম ডায়মন্ড লিগে এসেছিল অধরা সাফল্য। ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করেছিল ভারতের সোনার ছেলের বর্ষা। কিন্তু সোনা জেতা হয়নি। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় জ্যাভালার নীরজ চোপড়াকে (Neeraj Chopra)। এদিকে আসন্ন মরশুমের দ্বিতীয় ডায়মন্ড লিগ। এবার সোনা জিততে প্রস্তুত অলিম্পিক্সের দু’টি পদকজয়ী হরিয়ানার শোনিপথের নীরজ।
প্যারিস ডায়মন্ড লিগ ২০২৫ (Paris Diamond League 2025) ২০ জুন স্টেড সেবাস্তিয়ান-চার্লেটিতে অনুষ্ঠিত হতে চলেছে। দোহার পর এই মরশুমে দ্বিতীয়বার ডায়মন্ড লিগে অংশ নেবেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন (World Champion) নীরজ চোপড়া। আট বছর পর প্যারিস ডায়মন্ড লিগে ফিরছেন নীরজ। শেষবার তিনি এই টুর্নামেন্টে নেমেছিলেন ২০১৭ সালে। সেবার ৮৪.৬৭ মিটার থ্রো করে তিনি পঞ্চম স্থান অর্জন করেন। ৮৮.৭৪ মিটার দূরত্ব ছুড়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জার্মানির জোহানেস ভেটার।
বছরের শুরুতে নীরজ মে মাসে দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটারের বিশাল থ্রো করে নিজেরই গড়া জাতীয় রেকর্ড ভেঙে দেন। ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার তাঁর আগের সেরা প্রচেষ্টা ছিল। দোহায় জার্মানির জুলিয়ান ওয়েবার সোনা জিতেছিলেন ৯১.০৬ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে।
ডায়মন্ড লিগ সিরিজ শেষে সর্বাধিক পয়েন্ট জ্যাভলাররা ২৭-২৮ আগস্ট জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগ ২০২৫ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবেন।