শচীনের কৈফিয়ত, তিনি পতৌদি ট্রফির জৌলুস ও ঐতিহ্য অটুট রাখার জন্য বিকল্প উপায় বেছে নিতে জয় শাহ ও ইসিবির আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন। কথা বলেন। তাতে সমাধান হিসেবে উঠে আসে ‘পতৌদি মেডেল অফ এক্সেলেন্সে’র কথা।

শচীন তেন্ডুলকর
শেষ আপডেট: 20 June 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: পতৌদি পরিবারের গরিমা, তার কৌলীন্য অক্ষুণ্ণ রয়েছে। এই ট্রফি নতুন। আগের নাম বদলে এই টুর্নামেন্টের নামকরণ হয়নি।
পতৌদি ট্রফি বিতর্কের মেঘ আরও কিছুটা পরিষ্কার করলেন শচীন তেন্ডুলকর। সম্প্রতি বিসিসিআই ও ইসিবির যৌথ সিদ্ধান্তক্রমে ২০০৭ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতার নাম পালটে ‘তেন্ডুলকর-আন্ডারসন ট্রফি’ রাখা হয়। যা ছিল মনসুর আলি খান পতৌদি ও তাঁর বাবা ইফতিকার আলি খান পতৌদির নামে, তা বদলে শচীন তেন্ডুলকর ও জেমি আন্ডারসন—ভারত ও ইংল্যান্ডের দুই কিংবদন্তি ক্রিকেটারের নামে রাখা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়। সুনীল গাভাসকার থেকে শুরু করে কপিল দেব—অনেকেই একহাত নেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
গতকাল এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শচীন। তিনি বলেন, তাঁর কাছে কোনও খবর ছিল না। বোর্ড সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু জানায়নি। সবকিছু স্পষ্ট হওয়ার পর তিনি খবর পান। তারপর আইসিসি চেয়ারম্যান জয় শাহকে নিজের আপত্তির কথা জানান। কথা বলেন পতৌদি পরিবারের সঙ্গেও।
এরপর আরও একধাপ এগিয়ে শচীন দাবি করেছেন, আজ ভারতীয় সময় বিকেল সড়ে তিনটে থেকে লির্ডসের হেডিংলেতে যে টুর্নামেন্টে নামতে চলেছে ভারত, যে খেতাবের জন্য লড়বেন শুভমান গিল-বেন স্টোকসরা, তা অন্য ট্রফি। পতৌদি ট্রফির গরিমা তাতে বিকৃত হবে না, অক্ষুণ্ন থাকবে। বলেছেন, ‘এটা আলাদা খেতাব। অন্তত, এমনটাই আমার কানে এসেছে। যার নামকরণে অ্যান্ডারসন ও আমার নাম বেছে নেওয়া হয়েছে।’ তারপর জুড়েছেন, ‘এটা ক্রিকেটে আমাদের দুজনের অবদানের স্বীকৃতি।’
পাশপাশি একবার কানে আসার পর কোনও কিছুই যে তাঁর চোখের আড়ালে হয়নি, জানিয়েছেন শচীন। তাঁর কথায়, ‘খবরটা জানামাত্র আমি প্রথম ফোন কল পতৌদি পরিবারকে করি। জানাই, আমি বরাবর সিনিয়রদের সম্মান করে এসেছি। পতৌদি ট্রফির গরিমাও জিইয়ে রাখতে চেয়েছি।’
শচীনের কৈফিয়ত, তিনি পতৌদি ট্রফির জৌলুস ও ঐতিহ্য অটুট রাখার জন্য বিকল্প উপায় বেছে নিতে জয় শাহ ও ইসিবির আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন। কথা বলেন। তাতে সমাধান হিসেবে উঠে আসে ‘পতৌদি মেডেল অফ এক্সেলেন্সে’র কথা। যা গলায় ঝোলাবেন বিজয়ী দলের অধিনায়ক। শুরু হতে চলা সিরিজ থেকেই যার সূত্রপাত হতে চলেছে।