আমি কখনও অন্য কিছুর জন্য লড়াই করি না। আমার লড়াই শুধু আমার প্রশিক্ষণের জন্য। আমি কখনও বিলাসিতা চাই না। আমি কেবল ভাল প্রশিক্ষণ চাই।

লভলিনা বোরগোঁহাই
শেষ আপডেট: 7 September 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অলিম্পিক্স পদকজয়ী বক্সার লভলিনা বোরগোঁহাই (Lovlina Borgohain) বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (World Boxing Championships) প্রথম রাউন্ড থেকে ছিটকে (First-round exit) গিয়ে সকলকে হতাশ করেছেন। মহিলাদের ৭৫ কেজি ওজন বিভাগে লভলিনা হেরে গিয়েছেন তুরস্কের বুসরার কাছে ০-৫ ব্যবধানে।
হেরে গিয়ে অসমের এই বক্সার হতাশা প্রকাশ করেছেন তাঁর প্রশিক্ষণ নিয়ে। পাশাপাশি টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী এই বক্সার প্রশিক্ষণের জন্য কম সুযোগ (Lack of training opportunities) পাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, তিনি সবসময় প্রয়োজনীয় প্রশিক্ষণ পান না।
এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরেছেন লভলীনা। শনিবার ৭৫ কেজি বিভাগের রাউন্ড অফ ১৬-এ তুরস্কের বুসরা ইসলিদারের বিরুদ্ধে তাঁকে যথেষ্ট ছন্দহীন মনে হচ্ছিল। ২৭ বছর বয়সি এই ভারতীয় বক্সার অভিযোগ করেছেন, প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতিও তিনি ঠিক ভাবে নিতে পারেননি। সেসময়ও বক্সিং ফেডারেশনের পূর্ণ সমর্থন তিনি পাননি। প্যারিসে শেষ আট থেকেই ছিটকে গিয়েছিলেন লভলীনা। সেজন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, টোকিও গেমসের আগে তিনি ফেডারেশনকে পুরোপুরি পাশে পেয়েছিলেন।
লভলিনা এক্স-এ লিখেছেন, "এক বছর পর আমি আমার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমি আমার প্রথম ম্যাচেই হেরেছি, এটা কষ্টদায়ক। আমি দুঃখিত যে, আমি এবার এটি করতে পারিনি। কিন্তু সবাই জানেন, আমি কখনও অন্য কিছুর জন্য লড়াই করি না। আমার লড়াই শুধু আমার প্রশিক্ষণের জন্য। আমি কখনও বিলাসিতা চাই না। আমি কেবল ভাল প্রশিক্ষণ চাই।"
সেই সঙ্গে তিনি বললেন, "টোকিও অলিম্পিক্সের আগে আমাদের জন্য ভাল আন্তর্জাতিক ক্যাম্প ছিল। আমি প্রশিক্ষণের জন্য একজন আন্তর্জাতিক স্প্যারিং পার্টনারের জন্য অনুরোধ করতাম, কিন্তু প্যারিস অলিম্পিক্সের আগে খুব কম প্রতিযোগিতা এবং খুব কম আন্তর্জাতিক ক্যাম্প পেয়েছিলাম। একজন ভাল পার্টনার ছাড়া আমি কীভাবে নিজেকে উন্নত করতে পারি? প্যারিস অলিম্পিক্সেও আমি একা ছিলাম। আমাকে বারবার নিজেকে প্রমাণ করতে হয়। আর সবাই জানে যে খেলাধুলায় শারীরিক শক্তির মতো মানসিক শক্তিও গুরুত্বপূর্ণ। তবুও আমার দেশের জন্য সবকিছু দেওয়ার পরেও, আমি সবসময় সেই প্রশিক্ষণ বা কোচ পাই না, যা আমার সত্যিই প্রয়োজন। প্রতিটি লড়াইয়ে আমি একাই সমস্যার মুখোমুখি হই। কেন বলুন তো? সবকিছু সত্ত্বেও আমি সবসময় মাথা নিচু করে থাকি, নীরবে প্রশিক্ষণ চালিয়ে যাই?"
তবে, লভলিনা স্পষ্ট করে বলেছেন যে, তিনি বর্তমান কোচের সমালোচনা করছেন না। তিনি বলেন, "আমি বর্তমান কোচ এবং দলের সদস্যদের দোষ দিচ্ছি না। তাঁরা সবসময় আমাকে সমর্থন করেছেন এবং সাহায্য করার চেষ্টা করেছেন। তবে হ্যাঁ, নতুন কিছু শিখতে সবসময় একটু বেশি সময় লাগে।"