২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ আর শেষ হবে ২২ নভেম্বর।

এআইএফএফ
শেষ আপডেট: 7 September 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল এখন বলতে গেলে বিশ বাঁও জলে। কল্যাণ চৌবের আমলে ভারতীয় ফুটবল পতন ছাড়া কিছুই দেখেনি বলে মনে করছেন বাইচুং ভুটিয়ার মতো অনেক প্রাক্তন ফুটবলার। তাঁদের মতে কল্যাণ এআইএফএফ-এর (AIFF) প্রেসিডেন্টের চেয়ারে বসে নিজের গদি সামলানো ছাড়া আর কিছুই করেননি। আইএসএল কবে হবে, কেউ জানে না।
তবে এবার মনে হচ্ছে নড়েচড়ে বসেছে ফেডারেশন। পূর্ব প্রতিশ্রুতি মতো সুপার কাপ দিয়েই শুরু হবে আসন্ন মরশুম। ২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ আর শেষ হবে ২২ নভেম্বর। পাশাপাশি জানা গিয়েছে, ফেডারেশনের নির্বাচন নিয়েও কাজ শুরু করেছে এআইএফএফ।
এর আগে সুপার কাপ ভুবনেশ্বরে আয়োজিত হলেও, এবার কোথায় হবে, তা এখনও জানায়নি এআইএফএফ। মোট ১৬টা দলকে নিয়ে সুপার কাপকে এবার চারটি গ্রুপে ভাগ করে হবে। চারটি দলের শীর্ষ দলগুলি খেলবে সেমিফাইনালে। ক্লাবগুলিকে চিঠি পাঠানো শুরু হবে সোমবার থেকে।
🚨#IndianFootball ⚽ pic.twitter.com/a3jdc89Tp8
— Indian Football Team (@IndianFootball) September 7, 2025
রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এআইএফএফ তাদের বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, “অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভার্চুয়াল মোডে অনুষ্ঠিত হয়েছিল। সভায় সীমিত সময়ের জন্য ফেডারেশনের বাণিজ্যিক সম্পত্তির ব্যবস্থাপনা এবং নগদীকরণ অধিকার বরাদ্দের জন্য কোটেশন অনুরোধ প্রক্রিয়া (RFQ) অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া তদারকি করার জন্য নির্বাহী কমিটি তিন সদস্যের একটি বিড মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসাবে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিচারপতি এল নাগেশ্বর রাও। বাকি দুই সদস্য হলেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের অডিট ও কমপ্লায়েন্স কমিটির সদস্য কেশবরণ মুরুগাসু এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।”
পাশাপাশি জানা গিয়েছে, ফেডারেশনের এমআরএ টাস্ক ফোর্স কমিটি এআইএফএফের নির্বাহী কমিটির সভায় গঠিত হয়েছিল। সুপার কাপের তারিখ ঘোষণা হওয়ায় ক্লাবগুলি প্রাক মরশুমের অনুশীলন শুরু করতে পারবে। কারণ, গভর্নিং বডি টেন্ডার প্রক্রিয়া নিয়ে কাজ করছে।