ঋষভ যাদব, আমান সাইনি এবং প্রথমেশ ফুজের ত্রয়ী ফাইনালে ফ্রান্সকে ২৩৫-২৩৩ ব্যবধানে পরাজিত করেছে।

সোনাজয়ী ভারতীয় দল
শেষ আপডেট: 7 September 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় পুরুষদের কম্পাউন্ড তীরন্দাজ দল ইতিহাস তৈরি করেছে। রবিবার বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে সোনা জিতেছে। ঋষভ যাদব, আমান সাইনি এবং প্রথমেশ ফুজের ত্রয়ী দুর্দান্ত পারফরম্যান্সের দাপটে ফাইনালে ফ্রান্সকে ২৩৫-২৩৩ ব্যবধানে পরাজিত করেছে ভারত।
ফাইনালের আগে ভারত অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও দুরন্ত জয় পেয়েছিল।
এর আগে, জ্যোতিসুরেখা ভেন্নাম এবং ঋষভ যাদবের মিশ্র দলের জুটিকে ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৫৫-১৫৭ ব্যবধানে হেরে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু ২৩ বছর বয়সি ঋষভ এরপর সাইনি এবং প্রথমেশের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের কম্পাউন্ড বিভাগে নেমে সোনা জিতে নেন।
পুরুষদের কম্পাইন্ড ইভেন্টের ফাইনালে তৃতীয় সেটের পরে স্কোর ১৭৬-১৭৬-এ সমতা ছিল কিন্তু দ্বিতীয় বাছাই ভারতীয় দল নির্ণায়ক রাউন্ডে ৫৯ পয়েন্ট করে, যেখানে ফ্রান্স করতে পারে ৫৭ পয়েন্ট। দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে সোনা জিতে নেয় ভারত।