শ্রীকান্ত এদিন হারিয়েছেন চাইনিজ তাইপের হুয়াং ইউ কাইকে ৯-২১, ২১-১২, ২১-৬ গেমে।

কিদাম্বি শ্রীকান্ত
শেষ আপডেট: 20 May 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দিনটি খুবই খারাপ কেটেছে ভারতীয় শাটলারদের কাছে। এদিন মালয়েশিয়া মাস্টার্সের (Malaysia Masters) কোয়ালিফায়ার রাউন্ড (Qualifier Round) থেকেই একে এক বিদায় নিয়েছেন ভারতীয় শাটলাররা (Indian Shuttlers)। একমাত্র ভারতীয় হিসাবে মূল পর্বে (Final Round) জায়গা করে নিয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)।
এই সুপার ৫০০ টুর্নামেন্ট মূল পর্বে ওঠার পথে শ্রীকান্ত এদিন হারিয়েছেন চাইনিজ তাইপের হুয়াং ইউ কাইকে ৯-২১, ২১-১২, ২১-৬ গেমে। ২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী ৩২ বছরের এই ভারতীয় শাটলার এর আগে প্রথম রাউন্ডে তাইপের আরেক খেলোয়াড় কুও কুয়ান লিনকে ২১-৮, ২১-১৩ গেমে পরাজিত করেছিলেন। শ্রীকান্ত মূল ড্রতে ষষ্ঠ বাছাই চিনের লু গুয়াং জু-এর মুখোমুখি হবেন।
অন্যান্য ম্যাচে, থারুন মান্নেপল্লি থাইল্যান্ডের পানিচাফোন তিররাতসাকুলের কাছে ১৩-২১, ২১-২৩ ব্যবধানে হেরে গিয়েছেন। এস শঙ্কর মুথুসামি সুব্রহ্মণ্যম ২০-২২, ২০-২২ ব্যবধানে হারেন চিনের ঝু জুয়ান চেনের কাছে। দু’জনেরই যোগ্যতা অর্জনের পর্বেই অভিযান শেষ হয়ে যায়।
এদিকে মহিলাদের সিঙ্গলসে আনমোল খার্ব তাইপেইয়ের হাং ই-টিং-এর কাছে ১৪-২১, ১৮-২১ ব্যবধানে হেরে গিয়েছেন।
পিভি সিন্ধু এবং এইচএস প্রণয় বুধবার ৪৭৫,০০০ মার্কিন ডলার মূল্যের এই ইভেন্টে অভিযান শুরু করবেন।