মহিলাদের ৫৭ কেজি বিভাগের শেষ ১৬-তে ব্রাজিলের দুইবারের অলিম্পিয়ান জুসিলিন সেরকুইরা রোমেউকে ৫-০ ব্যাবধনে পরাজিত করেন তিনি।

জেসমিন ল্যাম্বোরিয়া
শেষ আপডেট: 9 September 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ পদকজয়ী জেসমিন ল্যাম্বোরিয়া (Jaismine Lamboria) তাঁর দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (World Boxing Championships) কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আর মাত্র একটি ম্যাচ জিতলেই ২৪ বছরের এই ভারতীয় মহিলা বক্সারের গলায় উঠবে বিশ্বচ্যাম্পিয়নশিপের মেডেল। তবে জেসমিনের সাফল্যের দিনে ছিটকে গিয়েছেন দুই ভারতীয় বক্সার।
তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নপো নেমেছেন জেসমিন, মহিলাদের ৫৭ কেজি বিভাগের শেষ ১৬-তে ব্রাজিলের দুইবারের অলিম্পিয়ান জুসিলিন সেরকুইরা রোমেউকে ৫-০ ব্যাবধনে পরাজিত করেন তিনি। জুলাই মাসে আস্তানা টুর্নামেন্টে সোনার জন্যও তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানেও শেষ হাসি হেসেছিলেন জেসমিন। কোয়ার্টার ফাইনালে তিনি এশিয়ান অনূর্ধ্ব-২২ চ্যাম্পিয়ন উজবেকিস্তানের কুমোরাবোনু মামাজোনোভার মুখোমুখি হবেন।
পুরুষদের বিভাগে, অবিনাশ জামওয়াল ৬৫ কেজি বিভাগে মেক্সিকোর হুগো ব্যারনকে ৫-০ ব্যাবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন। এর আগে বিশ্ব বক্সিং কাপে রুপো জিতেছিলেন অবিনাশ। তবে সানামাচা চানু (৭০ কেজি) এবং সাক্ষী চৌধুরী (৫৪ কেজি) দু’জনেই শেষ ষোলোর লড়াইয়ে হেরে গিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছেন।
চানু কাজাখস্তানের নাতালিয়া বোগদানোভার কাছে পরাজিত হন, আর সাক্ষী প্যারিস অলিম্পিক রুপো বিজয়ী এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক বিজয়ী তুরস্কের হাতিস আকবাসের কাছে পরাজিত হন।