প্রতিটি ম্যাচ থেকে আমরা শিখি। আমি সবসময় বলেছি, প্রতিটি ম্যাচেই কিছু ভাল এবং কিছু খারাপ থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কীভাবে সেই বিষয়গুলি বিশ্লেষণ করেন এবং কত দ্রুত সেগুলিতে কাজ করেন।

এশিয়া কাপজয়ী ভারতীয় দল
শেষ আপডেট: 9 September 2025 12:06
দ্য ওয়াল ব্যুরো: রবিবার এশিয় কাপ হকির (Asia Cup Hockey) ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত (Champion India)। এর পর ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) বলেছেন, প্রতিটি ম্যাচের পর তাৎক্ষণিক বিশ্লেষণ এবং ভুল থেকে শিক্ষা নিয়েই তাঁরা এশিয়া কাপে আট বছরের খেতাব খরার অবসান ঘটাতে সক্ষম হয়েছেন।
মহাদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার ফলে আগামী বছরের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করেছে ভারত। এই প্রসঙ্গে হরমনপ্রীত বলেন, "আমরা অনেক দিন ধরে এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং আজ আমরা তা অর্জন করেছি। আমি খুব খুশি। এখন আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্বকাপ।" ভারতীয় দলের অধিনায়ক বলেন, "প্রতিটি ম্যাচ থেকে আমরা শিখি। আমি সবসময় বলেছি, প্রতিটি ম্যাচেই কিছু ভাল এবং কিছু খারাপ থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কীভাবে সেই বিষয়গুলি বিশ্লেষণ করেন এবং কত দ্রুত সেগুলিতে কাজ করেন। একটি দল হিসাবে, আমরা ভাল রক্ষণ করেছি এবং স্কোরিংও দুর্দান্ত হয়েছে।"
এশিয়া কাপের আগে এফআইএইচ প্রো লিগের ইউরোপীয় পর্বে ভারতের হতাশাজনক পারফরম্যান্স ছিল। টানা সাতটি পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল ক্রেগ ফুলটনের ছাত্রদের এবং আটটি ম্যাচে ২৬টি গোল হজম করতে হয়েছিল ভারতকে। কিন্তু গোটা এশিয়া কাপ জুড়ে ভারতের পারফরম্যান্স ছিল অসাধারণ। ভারত সাতটি ম্যাচে মাত্র নয়টি গোল হজম করে এবং ৩৯টি গোল করেছিল।
হরমনপ্রীত বলেন, "গত কয়েকটি ম্যাচে আমরা আমাদের প্রতিপক্ষদের কঠিন প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছি এবং তাই আমাদের ফলাফল দুর্দান্ত। ফরোয়ার্ডদের কৃতিত্ব দিতে চাই কারণ, তারা সুযোগগুলিকে গোলে রূপান্তরিত করছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।"
হকি ইন্ডিয়ার সভাপতি এবং প্রাক্তন জাতীয় অধিনায়ক দিলীপ তিরকি বলেন, "এটি সমগ্র দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। আশা করি এটি ভবিষ্যৎ প্রজন্মের হকি খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।"