জুনিয়র বিশ্বকাপের পুল ‘বি’-তে রয়েছে আয়োজক ভারত ও পাকিস্তান। এই গ্রুপের বাকি দুই দল চিলি এবং সুইৎজারল্যান্ড।

সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত FIH সদর দফতরে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠান
শেষ আপডেট: 28 June 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে জুনিয়র বিশ্বকাপ হকি (FIH Hockey Men's Junior World Cup) অনুষ্ঠিত হবে ভারতে (India)। চেন্নাই ও মাদুরাইয়ে (Chennai and Madurai) ২৮ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ। ১০ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল। প্রতিযোগিতার সূচি অনুযায়ী গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
জুনিয়র বিশ্বকাপের পুল ‘বি’-তে রয়েছে আয়োজক ভারত ও পাকিস্তান (India and Pakistan in Pull ‘B’)। এই গ্রুপের বাকি দুই দল চিলি এবং সুইৎজারল্যান্ড।
সুইৎজারল্যান্ডের লুসানে অবস্থিত FIH সদর দফতরে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ হকির এই সংস্করণে এবারই প্রথমবারের মতো ২৪টি দল অংশগ্রহণ করবে। পুল A-তে রয়েছে জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কানাডা এবং আয়ারল্যান্ড এবং পুল C-তে রয়েছে আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, জাপান এবং চিন।
পাশাপাশি পুল D-তে রয়েছে স্পেন, বেলজিয়াম, মিশর এবং নামিবিয়া। পুল E-র চারটি দল হল নেদারল্যান্ডস, মালয়েশিয়া, ইংল্যান্ড এবং অস্ট্রিয়া। পুল F-এ ফ্রান্স, অস্ট্রেলিয়া, কোরিয়া এবং বাংলাদেশ অংশগ্রহণ করবে।
আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরাম, হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলানাথ সিং এবং হকি ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর আরকে শ্রীবাস্তব ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
FIH প্রধান ইকরাম এক বিবৃতিতে বলেছেন, "প্রথমবারের মতো ২৪ দলের FIH জুনিয়র হকি বিশ্বকাপ যাত্রা শুরু করতে চলেছে। এই মাইলফলক সৃষ্টির মুহূর্তের আগে এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটি FIH কৌশলের একটি অংশ যা উদীয়মান দেশগুলি-সহ সকল দেশের তরুণদের প্রতিভা তুলে ধরার এক আদর্শ মঞ্চ।"
হকি ইন্ডিয়ার (HI) ডেপুটি ডিরেক্টর ভোলা নাথ বলেছেন, "এই বিশ্বকাপ আমাদের হকি পরিকাঠামো উন্নত করার এবং মাদুরাই শহরে একটি নতুন অত্যাধুনিক হকি স্টেডিয়াম চালু করার সুযোগও নিয়ে এসেছে। আজ হকি বিশ্বের জন্য এটি একটি যুগান্তকারী মুহূর্ত।"
জার্মানি বর্তমান জুনিয়র পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়ন, ২০২৩ সংস্করণের ফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড সপ্তমবার খেতাব জিতেছিল তারা।