কেমিস্ট্রি বলছে, মানবশরীরের মধ্যে কতরকম এই ধরনের বিস্ময়কর জিনিস ঘটে, যা আমাদের চিন্তাভাবনার বাইরে। জানেন কীসে দেখতে পাবেন এই ম্যাজিক?

শেষ আপডেট: 21 June 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া খুললেই একটাই ভিডিও চারদিকে। ডিজিটাল এক যুগে এই এক উন্মাদনা, নিত্যনতুন কোনও না কোনও ট্রেন্ডে গা ভাসিয়ে চলছেন মানুষ।
তবে এইবার এমন এক ট্রেন্ড ভাইরাল হয়েছে, যা নিয়ে বড়রা তো বটেই, বাচ্চারা পর্যন্ত মেতে উঠেছে খুশিতে। কারও চোখ গোল্লা গোল্লা, কেউ ভয় পেয়ে চিৎকার করে উঠছে, কেউ বা দারুণ মজা পেয়েছে দেখে। আর পাবে নাই বা কেন! জলের মধ্যে একটা সামান্য জিনিস মিশিয়ে এইভাবে ম্যাজিক তৈরি হতে পারে, তা তো আগে অনেকের জানা ছিল না।
এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন কোন ট্রেন্ডের কথা বলা হচ্ছে এখানে। কিছু না, হলুদ গুঁড়ো জলে মিশিয়ে দারুণ সেই ম্যাজিক্যাল মুহূর্ত। কাচের গ্লাসে জল নিয়ে তা বসাতে হবে একটা ফ্ল্যাশ লাইটের ওপর। অবশ্যই ঘর অন্ধকার থাকতে হবে। তারপর আস্তে আস্তে হলুদ গুঁড়ো মেশাতে হবে তাতে। হলুদ যখন জলে মিশবে। সেটাই দেখার মতো জিনিস।
কিন্তু শুধু হলুদ না, আর একটা জিনিসে এই একই ফলাফল পাওয়া যাবে। তা হল, ভিটামিন বি ২ (Vitamin B2)।
ভিটামিন বি২, যার সাধারণ নাম রাইবোফ্ল্যাভিন, একটি ওয়াটার সলিউবল ভিটামিন অর্থাৎ, সহজে জলে গলে মিশে যায়। শুধু তাই না, জলে মেশার সময় উজ্জ্বল হলুদ বা হলদেটে-কমলা রং তৈরি করে। ঠিক যেমনটা জলে হলুদ মিশলে হয়। এই রংয়ের কারণ নিতান্তই রাইবোফ্ল্যাভিনের অসাধারণ কেমিস্ট্রি।
আমাদের শরীর এমনিই নানা অদ্ভুত কাণ্ডের কারখানা। আর ভিটামিন বি২ তো শরীরের গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে ভেবে দেখুন শরীরের মধ্যে কতরকম এই ধরনের বিস্ময়কর জিনিস ঘটে থাকে, যা আমাদের সাধারণ মানুষের চিন্তাভাবনার বাইরে।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড ভাইরাল হওয়ার পরে নানা রকম মিম ছড়িয়ে পড়েছে তা নিয়ে। কেউ কেউ বলছেন এবার তো দোকানে আর হলুদ পাওয়া যাবে না। সবাই তো সব কিনে নিয়ে গিয়ে ট্রেন্ডি রিল বানাতে বানাতে ব্যস্ত। শুধু তাই না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই রিলে অংশ নিয়েছেন বলে অনেকে এআই ব্যবহার করে সেই ছবিও বানিয়ে ফেলেছেন।
বলা বাহুল্য, এইবারের এই ট্রেন্ড অন্যবারের থেকে বেশ আলাদা রকম কিছু। এতে বাচ্চা থেকে বড়, সকলেই কিছুক্ষণ অন্তত স্ক্রিন থেকে সরে গিয়ে কিছু এমন জিনিসের রহস্য খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন, যা হয়তো আগামীতে এরকম আর কিছু সায়েন্টিফিক ট্রেন্ড খুঁজে বার করতে মানুষকে উৎসাহ দেবে।