
ফাইল চিত্র
শেষ আপডেট: 28 December 2024 19:54
দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন জায়গায় বিভিন্ন পোশাক। কোথায় কোনটা পডরতে হবে, তা প্রায় অনেকেই মেনে চলেন। তবে অফিসে স্পোর্টস জুতো পরে যেতেই সঙ্গে সঙ্গে চাকরি গেল এক তরুণীর। শুধু তাই নয়, যুবতীর চাকরি যাওয়ার পরে প্রচুর টাকা ক্ষতিপূরণও দিতে হয়েছে কোম্পানিটিকে।
ব্রিটেনে একটি চাকরির ট্রাইব্যুনালের রায়ে ২০ বছর বয়সী এক তরুণীকে বরখাস্ত করা হল। তার জন্য একটি কোম্পানিকে প্রায় ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে হয়েছে। জানা গিয়েছে, এলিজাবেথ বেনাসি নামে ওই তরুণী ২০২২ সালে ম্যাক্সিমাস ইউকে সার্ভিসেস নামক একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন।
তবে মাত্র তিন মাসের মধ্যেই, অফিসে স্পোর্টস জুতো পরে যাওয়ার কারণে তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। বেনাসি জানান, তাঁর ম্যানেজার সবসময় তার সঙ্গে শিশুসুলভ আচরণ করতেন এবং একদিন তাঁর জুতো নিয়ে মন্তব্য করেন। তিনি আরও বলেন, অফিসের পোশাকবিধি সম্পর্কে তাঁকে আগে কিছু জানানো হয়নি। অথচ তাঁর সহকর্মীরা একই ধরনের জুতো পরেও এতদিন কোনও সমস্যার সম্মুখীন হননি। তাহলে তাঁর সঙ্গে এমন কেন করা হল?
এই ঘটনার পর, লন্ডনে অনুষ্ঠিত শুনানিতে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল বেনাসির পক্ষে রায় দেয়। তাঁরা উল্লেখ করে, বেনাসিকে বরখাস্ত করে মোটেই সঠিক সিদ্ধান্ত নেয়নি। এমনকি কোম্পানি বেনাসির প্রতি অন্যায় আচরণ করেছে। অফিস থেকে বরখাস্ত করে দেওয়ার জন্য এটা তেমন কোনও কারণই নয়।
শেষ পর্যন্ত ট্রাইব্যুনাল ক্ষতিপূরণ হিসেবে বেনাসিকে প্রায় ৩২ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয়। এই ঘটনাটি কর্মক্ষেত্রে বয়সভিত্তিক বৈষম্যের একটি উদাহরণ হিসেবে উঠে এসেছে এবং কর্মস্থলে তরুণ কর্মীদের প্রতি আচরণের বিষয়ে প্রশ্ন তুলেছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।