এ যেন আধুনিক যুগের প্রেম, কিন্তু ফ্রেন্ডলি ভার্সনে। আর সিঙ্গল বন্ধুটির জন্যও আর মনে মনে খারাপ লাগবে না আপনার।

শেষ আপডেট: 18 June 2025 16:40
দ্য ওয়াল ব্যুরো: ‘গোপন কথাটি রবে না গোপনে’ থেকে ‘খুল্লাম খুল্লা পেয়ার’-এর জমানাতে নতুন প্রজন্ম অনেকদিন হল রাইট সোয়াইপ করে চলে এসেছে। তাও প্রেমের কথা আর কেউ না জানুক, বেস্ট ফ্রেন্ড কিন্তু জানবেই। কাউকে পছন্দ হলে ‘বেস্টি’র মতামত আগে দরকার। সেটা রীতিমতো টিমওয়ার্ক তো বটেই। কিন্তু এবার আরেক ধাপ এগোল নতুন প্রজন্ম।
আপনার তো একটা সঙ্গী জুটে গেল, এবার আপনার সিঙ্গেল বেস্ট ফ্রেন্ডের কী হবে! তাই দল বেঁধে প্রেমে পড়তে দল ইচ্ছুক এই প্রজন্ম। আর সেই ধারা মেনেই জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার (Tinder) আনল নতুন ফিচার- ডবল ডেট (Double Date)।
এতদিন Tinder মানে ছিল একা একা স্ক্রল করে সঙ্গী খোঁজা। কিন্তু এবার আপনার পাশে থাকবে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু। দু’জন মিলে জুটি হয়ে ম্যাচ করতে পারবে আরেকটা জুটির সঙ্গে। এ যেন আধুনিক যুগের প্রেম, কিন্তু ফ্রেন্ডলি ভার্সনে।
‘Double Date’ কী? আর কেন এত হাইপ?
Tinder-এর এই নতুন ফিচারে আপনি এবং আপনার বেস্টি মিলে একসঙ্গে একটি প্রোফাইল তৈরি করতে পারবেন। তারপর Tinder-এর সেই পরিচিত সোয়াইপ-সিস্টেম ব্যবহার করেই ম্যাচ হিসেবে খুঁজে নিতে পারবেন এমন অন্য জুটিকে, যাঁদের সঙ্গে আপনাদের ‘ক্রেজি ভাইব’ ম্যাচ করবে।
প্রেমের খোঁজের পাশাপাশি এটা নতুন বন্ধু তৈরির এক দারুণ উপায় হতেই পারে। আর সিঙ্গেল বন্ধুটির জন্যও আর মনে মনে খারাপ লাগবে না আপনার।
কীভাবে ব্যবহার করা যাবে ‘Double Date’ ফিচার?
• Tinder অ্যাপে ঢুকে কার্ড স্ট্যাক স্ক্রিনে ডানদিকে থাকা ‘Double Date’ আইকনে ট্যাপ করতে হবে।
• এক বা একাধিক বন্ধুকে ইনভাইট করে জুটি তৈরি করতে পারবেন।
• একসঙ্গে সোয়াইপ করে অন্য জুটিকে খুঁজে নিন।
• যেকোনও একজন সদস্য ‘Like’ করলেই ম্যাচ তৈরি হয়ে যাবে।
• অটো গ্রুপ চ্যাট খুলে যাবে, সেখানেই ঠিক করে ফেলুন কে কোথায় কফি খেতে যাবেন ফার্স্ট ডেটে।
Tinder-এর ২০২৫-এর পরিসংখ্যান বলছে, মহিলারা তিন গুণ বেশি পছন্দ করেছেন এই ফিচার। Double Date-এ ৩৫% বেশি মেসেজিং হয়েছে। ১৫% ইউজার এমনও ছিলেন যাঁরা একেবারে নতুন বা রিঅ্যাক্টিভেট করেছেন প্রোফাইল। এবং সবচেয়ে মজার তথ্য, Double Date প্রোফাইলের ৯০%-এর বেশি ইউজারের বয়স ২৯-এর নিচে।
Gen Z এবং তরুণ মিলেনিয়ালরা এখন প্রেমের মানে বুঝছে অন্যভাবে। একা নয়, বরং বন্ধুরা পাশে থাকলেই মন খুলে কথা বলা যায়, আরও বেশি আত্মবিশ্বাসী লাগে।
Tinder জানাচ্ছে, এই ফিচার এসেছে তাদের আগের দুটি জনপ্রিয় ফিচার—Tinder Matchmaker (যেখানে বন্ধুদের পরামর্শে ম্যাচ হয়), ও Share My Date (যেখানে ডেট প্ল্যান শেয়ার করা যায়)—এই দুই ফিচারের সাফল্যের ওপর ভিত্তি করে।
একা একা প্রেম করার বদলে সোশ্যাল ডেটিং বা দল বেঁধে রোম্যান্সের এই নতুন ট্রেন্ড নিয়ে টিন্ডার খুব আশাবাদী। তবে সবক্ষেত্রে যে এমনটাই হবে তা কিন্তু নয়। কখনও কখনও আপনি আপনার বেস্টিকে নিয়ে এলেন, কিন্তু যা সঙ্গে ডেটে গেছেন, সে কাউকে না নিয়েও আসতে পারে। ফলে সেক্ষেত্রে তিনজনের আড্ডা দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।
এই মুহূর্তে আমেরিকা-সহ কয়েকটি নির্দিষ্ট মার্কেটে এই ফিচার চালু হয়েছে। জুলাই ২০২৫ থেকে শুরু হচ্ছে গ্লোবাল রোলআউট, অর্থাৎ ভারত-সহ বিশ্বের আরও অনেক দেশে টিন্ডার ইউজাররা এই মজাদার ফিচারের সুবিধা পাবেন।
বেস্টির সঙ্গে একসঙ্গে প্রেমে পড়া, এর থেকে ভাল আর কী হতে পারে। কে জানে, হয়তো পরের কাপল গোলস আপনারাই সেট করতে চলেছেন।