শুধু সোনু বা উর্বশী নন, ইডি-র নজরে রয়েছেন আরও একাধিক ক্রীড়াতারকা— জানা যাচ্ছে নাম জড়িয়েছে, যুবরাজ সিং, হরভজন সিং ও সুরেশ রায়নার।

শেষ আপডেট: 17 June 2025 17:05
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে বলিউড তারকা সোনু সুদ ও উর্বশী রৌতেলা। অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও এই অ্যাপগুলির প্রচারে সামিল হয়ে বড়সড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছিলেন। ইডি ইতিমধ্যেই দু’জনকে জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্রের খবর।
শুধু সোনু বা উর্বশী নন, ইডি-র নজরে রয়েছেন আরও একাধিক ক্রীড়াতারকা— জানা যাচ্ছে নাম জড়িয়েছে, যুবরাজ সিং, হরভজন সিং ও সুরেশ রায়নার।
ইডি সূত্রে দাবি, জনপ্রিয় মুখদের ব্যবহার করেই এই অ্যাপগুলি বিপুল সংখ্যক মানুষকে প্রলুব্ধ করছে। এক ইডি আধিকারিক জানান, “তারকাদের প্রভাব কাজে লাগিয়েই নিষিদ্ধ বেটিং অ্যাপগুলি ছড়াচ্ছে সাধারণের মধ্যে।” যদিও এখনও পর্যন্ত সোনু সুদ বা উর্বশী রৌতেলা—কিংবা তাঁদের টিমের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য,এই বছরের মার্চে হায়দরাবাদে এই একই অভিযোগে ২৫ জন তারকার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। সেই তালিকায় ছিলেন বিজয় দেবরকোন্ডা, রানা দগ্গুবতী, মাঞ্চু লক্ষ্মী, প্রণীতা, প্রকাশ রাজ, ও নিধি আগরওয়ালের মতো দক্ষিণী তারকারা। অভিযোগ, ওই সব তারকা মোটা পারিশ্রমিকের বিনিময়ে বেটিং অ্যাপ প্রচার করে বহু সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। ঠিক কীভাবে এই অ্যাপগুলির সঙ্গে তারকারা যুক্ত ছিলেন, লেনদেনের পরিমাণই বা কত তা খতিয়ে দেখছে ইডি। তদন্তে এলে আরও নাম সামনে আসতে পারে বলে ইঙ্গিত গোয়েন্দা মহলের।