অনেকেই জানতে চান, মিথুন রাশির মানুষজন কী সত্যিই সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক?

এআই ছবিটি সংগৃহীত
শেষ আপডেট: 9 June 2025 16:34
দ্য ওয়াল ব্যুরো: নতুন প্রেমের একটি অ্যাপে ‘প্রায় নিষিদ্ধ’ হতে বসেছিলেন মিথুন রাশির মানুষজন। কারণ, তাঁরা নাকি সম্পর্কে 'ঝড় তুলতে ওস্তাদ, কিন্তু পরে তা রাখতে পারেন না।' শুনে অবাক হচ্ছেন? অ্যাপের ঘটনাটা সত্যি। সম্প্রতি ওই হাইপার-এক্সক্লুসিভ ডেটিং অ্যাপ মিথুন রাশির জন্য বিশেষ এক ফিল্টার বসিয়েছিল। যদিও সেটা শুরু হয়েছিল মজার ছলে, পরে বাস্তবে রূপ নেয়। আর তা নিয়ে হইচই পড়ে যায় বিভিন্ন মহলে। উঠতে থাকে নানা প্রশ্ন। অনেকেই জানতে চান, মিথুন রাশির মানুষজন কী সত্যিই সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক?
এই সমস্ত বিষয় নিয়ে চর্চায় থাকা মানুষজন বলছেন, সম্পর্কে বিপজ্জনক বলে আসলে কিছু হয় না। কিন্তু এটাও ঠিক, এই রাশির মানুষজনের সঙ্গে সম্পর্কে থাকাটা খুব একটা সহজ নয়। মুড খুব সহজে পাল্টে যাওয়া থেকে একাধিক বৈশিষ্ট এই রাশির জাতকদের রয়েছে। যা অনেকের কাছে খুব বিশেষ হলেও, বেশিরভাগ মানুষই নাকি পার্টনারের এমন আচরণ সামলাতে হিমশিম খান।
মুম্বইয়ের ২৫ বছরের মার্কেটিং প্রফেশনাল তনিষ্কা বলছেন, 'এক মুহূর্তে মনে হবে এরা পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ। পরক্ষণেই আপনার গোটা দুনিয়ায় আগুন লাগাতে প্রস্তুত।' গুরগাঁওয়ের উদ্যোগপতি অভিনিউ রাও, যিনি নিজেও বৃশ্চিক রাশির মানুষ, তিনি আবার বলছেন, 'মিথুনদের মনের ভেতর সবসময় এক অস্থিরতা চলে। নানা ধরনের ভাবনা, অগোছালো পরিকল্পনা মিশে থাকে। তবে ওদের এই মিষ্টি বিশৃঙ্খলা সামলাতে পারলে সম্পর্কটা খুবই রঙিন হয়।'
তাহলে কী চান মিথুনরা?
বেশ কিছু শহরের মিথুন রাশির মানুষজনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, হিউমার, খোলামেলা কথাবার্তা, অনুকূলতা, চ্যালেঞ্জিং পার্টনার আর খোলামনের মানুষ— এগুলোই একজনের মধ্যে খোঁজেন এই রাশির মানুষজন। এই প্রসঙ্গে মুস্কান আঞ্চিল্যা বলেন, 'আমাদের স্বাধীনতাবান্ধব সঙ্গী চাই। যারা বাঁধাধরা নিয়মে আমাদের বেঁধে ফেলবে না, কিন্তু ‘চিল’ মুডে আমাদের কাছে থেকে যাবে।'
এদিকে মিথুন রাশির লোকজনের আবার দাবি, তাঁদের বারবার শুনতে হয় ‘তুমি খুব আনপ্রেডিক্টেবল’, ‘দু’মুখো’, ‘তাড়াতাড়ি বিরক্ত হও’ ইত্যাদি। যেটা ঠিক নয়। কলকাতার পিআর প্রফেশনাল সুস্মিতা পাকড়াশি বলছেন, 'এটা ঠিক নয়। আমাদের মনের ভেতর অনেক স্তর আছে। আমরা একঘেয়ে নই মানে এই নয় যে সম্পর্কে অস্থির।' দিল্লির আশনা খান্না বলেন, 'বিশ্বাসটাই আমার কাছে সবচেয়ে জরুরি। আর পার্টনারকে আমার বিভিন্ন মুড সামলাতে জানতে হবে।'
টিন্ডারের তথ্য বলছে, ২০২৪ সালে পুরুষদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় রাশির তালিকায় মিথুন ছিল এক নম্বরে। একদিকে এক অ্যাপে নিষিদ্ধ হতে হতে ফিরে আসা, আরেকদিকে অন্য অ্যাপে হট ফেভারিট, এটাই মিথুন রাশি।