বিয়ের আসর, সানাই, আলোর বাহার, আত্মীয় পরিজনের ভিড়, বিভিন্ন রকম খাওয়া দাওয়া...সবকিছু একেবারে জমজমাট। এদিকে বর 'স্তন্যপানে' ব্যস্ত। তাঁকে 'নিয়ম' মানতে হবে যে!

নিয়মটা ঠিক কী?
শেষ আপডেট: 21 August 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আসর, সানাই, আলোর বাহার, আত্মীয় পরিজনের ভিড়, বিভিন্ন রকম খাওয়া দাওয়া...সবকিছু একেবারে জমজমাট। সবাই এখন শুধু বরের অপেক্ষায়। সে না এলে বিয়েটা হবে কী করে! এদিকে বর 'স্তন্যপানে' ব্যস্ত। তাঁকে 'নিয়ম' মানতে হবে যে! শুনেই ভ্রু কুঁচকে ফেললেন তো? এমনটা কিন্তু বাইরের কোনও দেশে হয় না। ভারতের এক রাজ্যেই এই 'অদ্ভুত' প্রথা আছে। এবার ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মানে নিয়মটা ঠিক কী?
আসলে বিয়েতে নিয়মের বাহার বিভিন্ন রাজ্যে বিভিন্নরকম। কোনও জায়গায় বিয়ে হয় সাত দিনে, তো কোথাও শেষ হয় এক রাতেই। কিন্তু প্রত্যেক রাজ্যের নিজস্ব কিছু প্রথা আছে, যা বাইরের মানুষের কাছে বেশ অদ্ভুত লাগতে পারে। যেমন- কোনও জায়গায় বরকে জুতোর মধ্যে দুধ খেতে হয়, আবার কোনও জায়গায় শাশুড়ি নতুন জামাইয়ের কান মুলে দেয়, তাও আবার বিয়ের আসরে বসার আগেই।
কিন্তু যদি নতুন বরকে বিয়েতে বসার আগে স্তন্যপান করতে হয়! এই প্রথা আছে রাজস্থানে, যা বেশ অদ্ভুত এবং চমকপ্রদ বলে মনে করেন দেশের মানুষ। আসলে, বিয়ের দিন কনের সামনে তাঁর মা বরকে স্তন্যপান করান।
এই প্রথাটি মূলত মা এবং ছেলের সম্পর্কের গভীরতাকে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছিল। এটি এমন একটি আচার, যেখানে মা বিয়ের দিন তাঁর ছেলেকে বড় হওয়ার পর আবার নতুন করে একবার দুধ পান করানোর মাধ্যমে তাঁর প্রতি ভালবাসা এবং স্নেহ প্রকাশ করেন। এর মাধ্যমে মা তাঁর ছেলেকে মনে করিয়ে দেন যে, সে সব সময় তাঁর কাছে ছোট থাকবে, যতই তাঁর বিয়ে হয়ে যাক না কেন!
এই অদ্ভুত প্রথাটি বাইরে থেকে অনেককে অবাক করলেও, রাজস্থানের কিছু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র আচার। এটি তাঁদের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। তাঁরা মনে করেন, বিয়ের দিন করা এই প্রথা পারিবারিক বন্ধনকে আরও গভীর করে তোলে।