পারমাণবিক বিস্ফোরণেও টিকে যায় এমন প্রাণী! বিস্ময়কর ক্ষমতার এই প্রাণী বাস করে আমাদের ঘরেই। জানুন বিজ্ঞান কী বলছে।

কোন প্রাণী?
শেষ আপডেট: 30 July 2025 19:40
দ্য ওয়াল ব্যুরো: পারমাণবিক বোমা! শব্দটা শুনলেই গা শিউরে ওঠে। এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে শহর, কেড়ে নিতে পারে লক্ষ লক্ষ প্রাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিরোশিমা-নাগাসাকির ধ্বংসস্তূপ এখনও কাঁদায় মানবসভ্যতাকে। এমন এক ভয়ঙ্কর বিস্ফোরণে প্রাণ বাঁচানো তো দূরের কথা, টিকেই থাকা অসম্ভব। অথচ, এর মাঝেই এক প্রাণী রয়েছে, যাকে এই ধ্বংসও কাবু করতে পারে না! সেই প্রাণীটি হল— আরশোলা।
বিশ্বাস না হলেও, সত্যি! আরশোলা এমন এক প্রাণী, যেটি পারমাণবিক বিস্ফোরণের ভয়াল তেজস্ক্রিয়তার মধ্যেও দিব্যি বেঁচে থাকতে পারে। গবেষণা বলছে, যেখানে মাত্র ৮০০ র্যাড (rad) তেজস্ক্রিয়তা একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে, সেখানে আরশোলা সহ্য করতে পারে প্রায় ১০,০০০ র্যাড পর্যন্ত!
দ্বিতীয় বিশ্বযুদ্ধেও টিকে ছিল আরশোলা
একটি রিপোর্টে দাবি করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে শহর সম্পূর্ণ পারমাণবিক বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছিল, সেই শহরে বিস্ফোরণের পরেও আরশোলাদের জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল। যেখানে সব কিছু শেষ, সেখানে দিব্যি বেঁচে ছিল তারা।
কীভাবে বাঁচে এই ছোট প্রাণীটি?
বিজ্ঞানীরা বলছেন, আরশোলার শরীরে কোষ বিভাজন হয় খুব ধীরে। আর তেজস্ক্রিয়তা সবথেকে বেশি ক্ষতি করে সেই কোষগুলোর, যেগুলি দ্রুত বিভাজিত হয়। এই কারণেই মানুষের কোষ সহজে ক্ষতিগ্রস্ত হয়, অথচ তেলাপোকা তার থেকে রক্ষা পায়।