
শেষ আপডেট: 16 April 2023 12:14
দ্য ওয়াল ব্যুরো: ধরুন, ছুটির দিনে সঙ্গী কিংবা বন্ধুদের সঙ্গে মিলে পছন্দের রেস্তোরাঁয় খেতে গেলেন। মেনু কার্ড দেখে ভাল করে বুঝেশুনে পছন্দের ডিশ অর্ডার করলেন। কিন্তু যখন টেবিলে সেই খাবার পরিবেশন করা হল, তখন দেখলেন, যা অর্ডার দিয়েছিলেন আর যা এসেছে, দুটি সম্পূর্ন আলাদা (Wrong order)! এমনটা হলে নিশ্চয়ই রাগ হবে? মাথা গরম করে ওয়েটার কিংবা রেস্তোরাঁর ম্যানেজারকে দু-চার কথা শুনিয়ে দেওয়াও আশ্চর্য নয়। কিন্তু জাপানে এমন একটি রেস্তোরাঁ আছে, যেখানে ভুল অর্ডার পরিবেশন করা হলেও রেগে যান না অতিথিরা। বরং এক খাবার অর্ডার করে অন্য খাবার চেখে দেখার বিষয়টিই এই রেস্তোরাঁর ইউএসপি।

খুলেই বলা যাক তাহলে। জাপানে (Japan) রয়েছে 'দ্য রেস্তোরাঁ অফ মিসটেকেন অর্ডারস' (The Restaurant of Mistaken Orders)। সেখানেই রয়েছে এমন আজব রীতি। আসলে এই রেস্তোরাঁর কর্মীরা সকলেই প্রৌঢ়-প্রৌঢ়া কিংবা বৃদ্ধ বৃদ্ধা, যাঁরা প্রত্যেকেই ডিমেনশিয়ায় (Dementia) আক্রান্ত। ডিমেনশিয়া হল এমন একটি অসুখ, যাতে আক্রান্ত মানুষ অতি সামান্য জিনিসও মনে রাখতে পারেন না। রেস্তোরাঁর নাম থেকেই স্পষ্ট, এখানে খাবারের অর্ডার নেওয়ার পরেই কর্মীরা বেশিরভাগ ক্ষেত্রেই বেমালুম ভুলে যান, আসলে কোন ডিশ অর্ডার করা হয়েছিল। আর সেই কারণেই পরিবেশন করার সময় বদলে যায় অর্ডার।

এতে কিন্তু অতিথিরা একেবারেই রাগ করেন না। বরং তাঁরা 'সারপ্রাইজ' ডিশের অপেক্ষায় থাকেন। এই রেস্তোরাঁর সব খাবারই নাকি অত্যন্ত সুস্বাদু, দাবি রেস্তোরাঁর মালিক শিরো ওগুনির। আর সেই কারণেই অর্ডার করা খাবারের বদলে অন্য ডিশ এলেও দিব্যি চেটেপুটে সেসব খেয়ে তবেই বের হন অতিথিরা।
কিন্তু এমন অভিনব রেস্তোরাঁ খোলার কথা মাথায় এল কেন? শিরো জানিয়েছেন, আসলে জাপানের মোট জনসংখ্যার মধ্যে একটা বড় অংশের মানুষ বয়স্ক। এবং তাঁদের মধ্যে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে ক্রমশই। এই অসুখের কারণে অনেক সময়ই সুস্থ মানুষজন তাঁদের এড়িয়ে চলেন। তাঁদের স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্দেশ্যেই ২০১৭ সালে পথচলা শুরু হয়েছিল 'দ্য রেস্তোরাঁ অফ মিসটেকেন অর্ডারস'-এর।

শিরো জানিয়েছেন, 'ডিমেনশিয়া নিয়ে মানুষের মধ্যে অত্যন্ত ভুল ধারণা রয়েছে। তাঁরা মনে করেন, আক্রান্তরা নিজে থেকে কখনওই কিছু করতে পারেন না। আর সেই কারণে আস্তে আস্তে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তাঁরা।' ডিমেনশিয়া নিয়ে মানুষের ভয় এবং ভুল ধারণা ভাঙানোর পাশাপাশি আক্রান্তদের জীবনের ছন্দে ফেরানোর লক্ষ্যেই এই অভিনব প্রয়াস শিরোর।

শিরো জানিয়েছেন, সব সময়েই যে অতিথিদের ভুল খাবার পরিবেশন করা হয়, এমনটা নয়। হতেই পারে, যে খাবার অর্ডার করা হয়েছিল, সেই খাবারই পাওয়া গেল। বরং হিসেব করে দেখা গেছে, মাত্র ৩৭ শতাংশ ক্ষেত্রেই খাবার পরিবেশন করতে ভুল করেন রেস্তোরাঁর কর্মীরা। 'তবে ৯৯% ক্ষেত্রেই অতিথিরা জানিয়েছেন, তাঁরা আমাদের পরিষেবায় খুশি,' দাবি শিরোর।
শিরোর এই অভিনব প্রয়াস যে সফল হয়েছে, তা বলা বাহুল্য। প্রাথমিকভাবে রোপপঙ্গিতে একটি মাত্র রেস্তোরাঁ দিয়ে শুরু হলেও মাত্র ৬ বছরের মধ্যেই জাপান জুড়ে আরও ৩টি শাখা খুলে ফেলেছে 'দ্য রেস্তোরাঁ অফ মিসটেকেন অর্ডারস।'
ভারত থেকে কত মণিমুক্তো লুঠ হয়েছিল! ইতিহাসের সাক্ষী ব্রিটেনের মহাফেজখানা