পৃথিবীতে এমন কিছু দেশও রয়েছে, যেখানে আপনি যা আয় করবেন, তার এক পয়সাও সরকার নেয় না।

শেষ আপডেট: 20 July 2025 18:12
দ্য ওয়াল ব্যুরো: প্রতি মাসে স্যালারি থেকে কেটে যাওয়া ইনকাম ট্যাক্স বা আয়কর অনেকের কাছেই একটা বোঝা। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশও রয়েছে, যেখানে আপনি যা আয় করবেন, তার এক পয়সাও সরকার নেয় না।
ভারতের মতো দেশে যেখানে সর্বোচ্চ আয়কর হার প্রায় ৩৯% পর্যন্ত হতে পারে (সারচার্জ ও সেস সহ), সেখানে এই দেশগুলির অর্থনৈতিক কাঠামো একেবারে ভিন্ন। এদের অধিকাংশই ব্যক্তিগত আয়কর ধার্য করে না, অথচ অর্থনীতিতে গতি ধরে রাখে।
আয়করহীন এই অর্থনৈতিক নীতিতে পশ্চিম এশিয়ার দেশগুলো সবচেয়ে এগিয়ে। সংযুক্ত আরব আমিরশাহী (UAE), সৌদি আরব, কাতার, বাহরিন, ওমান ও কুয়েত - এই ছয় দেশে স্যালারির উপর কোনও সরাসরি আয়কর নেই।
এই দেশগুলির সরকার তেল-গ্যাস থেকে বিপুল রাজস্ব, ক্রমবর্ধমান পর্যটন শিল্প এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স (VAT)-এর মতো পরোক্ষ করের উপর নির্ভর করেই রাষ্ট্র পরিচালনা করে। ফলে নাগরিকরা উপার্জনের সম্পূর্ণ টাকা নিজের পকেটেই রাখতে পারেন।
এই তালিকায় সবচেয়ে জনপ্রিয় দেশ হল সংযুক্ত আরব আমিরশাহী (UAE)। তেল এবং পর্যটনের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা UAE-তে আয়কর নেই বলেই সারা বিশ্বের পেশাদাররা এখানকার চাকরির বাজারে ছুটে আসেন।
উচ্চ বেতন, আন্তর্জাতিক জীবনযাত্রা এবং পুরো আয়ের ওপর অধিকার - এই ত্রিফলা সমীকরণ UAE-কে এক আকর্ষণীয় কর্মস্থানে পরিণত করেছে।
এই ট্যাক্স-ফ্রি জীবনের সুযোগ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। ব্রুনেই, মোনাকো, নাউরু ও বাহামাস-এর মতো ছোট অথচ ধনী দেশগুলিও একই সুবিধা দেয়।
ব্রুনেইয়ের বিশাল তেলসম্পদ, বাহামাস ও নাউরুর পর্যটন নির্ভর অর্থনীতি যথেষ্ট রাজস্ব জোগায়, যার ফলে সরকারকে জনগণের ব্যক্তিগত আয়ে হাত দিতে হয় না।
প্রশ্ন আসতেই পারে, কর ছাড়াও দেশ চলে? এই দেশগুলির সফল অর্থনীতির মূল শক্তি তাদের প্রাকৃতিক সম্পদ বা বিশ্বমানের পর্যটন।
তারা আয়কর না চাপিয়ে VAT বা পরিষেবা করের মাধ্যমে ব্যয় সামলায়। এই নীতির ফলে একদিকে জনগণের আর্থিক স্বাধীনতা বজায় থাকে, অন্যদিকে রাষ্ট্রীয় আয়ও ক্ষতিগ্রস্ত হয় না।
এ এক আলাদা অর্থনৈতিক দর্শন, যা দেখায় - সব দেশকেই এক ছাঁচে ফেললে চলে না। কেউ প্রগতিশীল কর কাঠামো মানে, কেউ আবার আয়কে পুরোপুরি ব্যক্তিগত বলে স্বীকৃতি দেয়।