গ্যাসের সিলিন্ডার পাচ্ছেন না? চিন্তার কিছু নেই। ইন্ডাকশন, ইলেকট্রিক কুকার থেকে সোলার কুকার— নানা বিকল্পেই সহজে রান্না করা সম্ভব।

এলপিজি
শেষ আপডেট: 12 March 2026 13:36
দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাসের দাম বাড়ছে, তার উপর সরবরাহ নিয়ে অনিশ্চয়তা। ফলে অনেক পরিবারই এখন বিকল্প রান্নার জ্বালানি (Alternative Cooking Fuel) খুঁজতে শুরু করেছেন। শহুরে বাড়িগুলিতে এখনও এলপিজি (LPG) প্রধান ভরসা হলেও, বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সিলিন্ডারের উপর পুরোপুরি নির্ভর না করে কয়েকটি বিকল্প ব্যবস্থা হাতের কাছে রাখাই বুদ্ধিমানের কাজ।
বিশ্বজুড়ে জ্বালানি বাজারে (Global Energy Market) অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনার (Geopolitical Tension) জেরে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) দেরিতে পৌঁছনোর খবরও মিলছে। এর জেরে অনেকেই আতঙ্কে আগাম বুকিং (Panic Booking) করছেন। কোথাও কোথাও আবার রেস্তরাঁ এবং ছোট খাবারের দোকানগুলিও সমস্যায় পড়ছে।
এই পরিস্থিতিতে রান্না চালিয়ে যেতে কয়েকটি কার্যকর বিকল্প প্রযুক্তি (Cooking Alternatives) সামনে আসছে।
ইন্ডাকশন
সবচেয়ে জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে রয়েছে ইন্ডাকশন কুকটপ (Induction Cooktop)। বিদ্যুৎচালিত এই যন্ত্রে তড়িৎচৌম্বক শক্তি (Electromagnetic Energy) ব্যবহার করে পাত্র গরম করা হয়। ফলে রান্না দ্রুত হয় এবং গ্যাসের প্রয়োজন হয় না। বেশিরভাগ মডেলেই স্বয়ংক্রিয় বন্ধ (Auto Shut-off), তাপমাত্রা নিয়ন্ত্রণ (Temperature Control) এবং টাইমার (Timer)-এর মতো নিরাপত্তা ব্যবস্থা থাকে।
ইলেক্ট্রিক প্রেসার কুকার
এছাড়া ইলেকট্রিক প্রেসার কুকার (Electric Pressure Cooker) এখন অনেক বাড়িতেই জনপ্রিয়। এই মাল্টি-ফাংশনাল যন্ত্রে ভাত, ডাল, সবজি এমনকি বিরিয়ানি পর্যন্ত রান্না করা যায়। একই সঙ্গে প্রেসার কুকিং (Pressure Cooking), স্টিমিং (Steaming) এবং স্লো কুকিং (Slow Cooking) করা সম্ভব হওয়ায় রান্নার সময়ও কম লাগে।
সোলার কুকার
আরও একটি পরিবেশবান্ধব বিকল্প হলো সোলার কুকার (Solar Cooker)। সূর্যের আলো (Solar Energy) ব্যবহার করে রান্না করা যায় এতে। একবার বসানো হলে গ্যাস বা বিদ্যুতের কোনও খরচই লাগে না। তবে আবহাওয়ার উপর নির্ভরশীল হওয়ায় সব সময় ব্যবহার করা সম্ভব হয় না।
বায়োগ্যাস সিস্টেম
গ্রাম বা বাড়িতে খোলা জায়গা থাকলে বায়োগ্যাস সিস্টেম (Biogas System) ব্যবহার করাও সম্ভব। রান্নাঘরের বর্জ্য (Kitchen Waste), কৃষিজ অবশিষ্টাংশ (Agricultural Residue) বা গরুর গোবর (Animal Dung) থেকে বায়োগ্যাস তৈরি করা যায়। এতে জ্বালানির পাশাপাশি জৈব বর্জ্য ব্যবস্থাপনাও সহজ হয়।
এয়ার ফ্রায়ার ও মাইক্রোওভেন
এছাড়া এয়ার ফ্রায়ার (Air Fryer) এবং মাইক্রোওভেন (Microwave Oven) পুরোপুরি গ্যাসের বিকল্প না হলেও গ্যাসের ব্যবহার অনেকটাই কমাতে পারে। খাবার গরম করা, বেকিং (Baking), গ্রিলিং (Grilling) বা দ্রুত রান্নার কাজে এগুলি খুবই কার্যকর।
বিশেষজ্ঞদের মতে, একটিমাত্র জ্বালানির উপর নির্ভর করলে সঙ্কটের সময়ে সমস্যা বাড়ে। তাই রান্নাঘরে অন্তত একটি বিকল্প ব্যবস্থা রাখা থাকলে গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেলেও রান্না থেমে থাকবে না। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানি খরচও অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।