ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, কল্যাণ থেকে মুম্বই সিএসটি যাওয়ার সময় মহিলারা লোকাল ট্রেনের গেটে কার্যত প্রাণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 12 May 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত শহর মুম্বই। প্রতিদিন বহু মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন। এই ট্রেনগুলি শহরের বিভিন্ন শহরতলির সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ব্যস্ত সময়ে ট্রেনের বাইরেই ঝুলন্ত অবস্থায় যাত্রা করছেন মহিলারা (Mumbai Local Train Viral Video)।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, কল্যাণ থেকে মুম্বই সিএসটি যাওয়ার সময় মহিলারা লোকাল ট্রেনের গেটে কার্যত প্রাণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। মহিল যাত্রীদের চিৎকার শোনা যাচ্ছে। সেই দিন কল্যাণ লেডিস স্পেশাল ট্রেনটি (Ladies Special Train) ৪০ মিনিট দেরিতে নির্ধারিত স্টেশনে এসেছিল। যার ফলে যাত্রীরা এই ঝুঁকি নিতে বাধ্য হয়েছিল। মুম্বই রেলওয়ে ইউজার্স নামে একটি এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ট্রেন দেরিতে আসার ফলে প্ল্যাটফর্ম এবং ট্রেনের কামরায় ভিড় উপচে পড়েছিল, যার ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল।
#ViralVideo #CRFixLocalTrainDelays Today’s Ladies Special from Kalyan was delayed by 40 mins, forcing women to hang on the footboard—an unsafe and risky commute. Railways term this dangerous, yet delays continue. @AshwiniVaishnaw pls review delay data. @MumRail @rajtoday pic.twitter.com/vnhxTIyFD6
— Mumbai Railway Users (@mumbairailusers) May 9, 2025
ভিডিও-র ক্যাপশনে লেখা রয়েছে, 'আজকের কল্যাণ লেডিস স্পেশাল ৪০ মিনিট দেরিতে চলছিল। গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকায় যাত্রীরা গেটের বাইরে ঝুলে ঝুলেই যায়। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। কমেন্টে এক ব্যবহারকারী লিখেছেন, 'সকাল সকাল ট্রেনযাত্রা করলে এত ভিড় এড়ানো সম্ভব।' কেউ আবার মুম্বইয়ে ট্রেন বাড়ানোর দাবি করেছেন। তবে অনেকেই দেরিতে ট্রেন চলা নিয়ে বিরক্তি প্রকাশ করতেও দু'বার ভাবেননি।
পরিস্থিতির কোপে পড়ে একদিকে মহিলা যাত্রীরা প্রাণ হাতে নিয়ে যাত্রা করছেন। তবে বিভিন্ন সময় এমন অনেক ঘটনাও সামনে এসেছে, হয়তো নিছক শখ কিংবা ভাইরাল হতে চেয়ে ট্রেনে ঝুলে বা ট্রেনের মাথার ওপর চড়েই বিপজ্জনক স্টান্ট হচ্ছে।
চলতি বছরের মার্চ মাসেই এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, চলন্ত ট্রেনেই জানলায় এক ব্যক্তির হাত ধরে ঝুলে আছেন যুবক। ট্রেন থামলে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ধারে পড়ে যান তিনি। এই ঘটনাটি উত্তরপ্রদেশের বলে জানা গিয়েছিল।
গত এপ্রিলে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পাঁচ তরুণ ট্রেনের কামরার বাইরে ঝুলে স্টান্ট দেখাচ্ছিল। তাঁদের মধ্যে দু'জন আবার ছাদের উপর দাঁড়িয়ে ছিল। এমন ঘটনা বারবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।