ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মেট্রোর ফাঁকা সিটে মা বসে আছেন। ক্লান্ত চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, হয়তো সারাদিনের কাজের চাপে শরীর আর টানতে পারছে না। তাঁর পাশে বসা ছোট্ট ছেলেটা, বয়স হয়তো আট-ন’এর বেশি নয়।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 26 August 2025 19:43
দ্য ওয়াল ব্যুরো: মেট্রোয় আসনের এক কোনায় বসেই ঘুমিয়ে পড়েছিলেন মা। সারাদিনের ক্লান্তি চোখের পাতায় নেমে এসেছে। কিন্তু পাশে বসে থাকা তাঁর সন্তানের একটাই দায়িত্ব, 'মাকে রক্ষা করতে হবে।' ছোট দু’হাত দিয়ে আঁকড়ে ধরে রাখল মায়ের গলা। শিশুটি এখনও দুনিয়া বোঝেনি, কিন্তু বুঝেছে তার মায়ের মূল্য (Mother-Son Bond)। মেট্রোরই এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে (Viral Video)।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মেট্রোর ফাঁকা সিটে মা বসে আছেন। ক্লান্ত চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, হয়তো সারাদিনের কাজের চাপে শরীর আর টানতে পারছে না। তাঁর পাশে বসা ছোট্ট ছেলেটা, বয়স হয়তো আট-ন’এর বেশি নয়। কিন্তু চোখে ভরপুর সচেতনতা, ভেতরে ভরপুর দায়িত্ববোধ।
মা যখন ঘুমের দেশে হারিয়ে গেলেন, তখন ছেলেটা নিজের ছোট দু’হাত দিয়ে মায়ের গলা জড়িয়ে নিল। যেন বলছে, 'চিন্তা কোরো না মা, আমি খেয়াল রাখছি তোমার।' মেট্রোর শব্দ, যাত্রীদের কোলাহল, সব কিছুর মাঝেও ওই ছোট্ট হাতের আলিঙ্গন এক অদৃশ্য দেওয়াল গড়ে তুলল, যেখানে বাইরের কোনওকিছুই আর ঢুকতে পারবে না। কয়েক মিনিটের এই ভিডিও যেন আবার প্রমাণ করে দিল, মা ও সন্তানের এই সম্পর্কই হল পৃথিবীর সবচেয়ে গভীর, সবচেয়ে নিঃস্বার্থ বন্ধন, যা সময়, দূরত্ব কিংবা মৃত্যু, কোনও কিছুরই ভয় পায় না।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ২ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে (Viral Video on Social Media)। ভিডিওর ক্যাপশনে লেখা, 'ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, মা আর তার সন্তানের বেঁচে থাকার রসদ! মা ঘুমিয়ে পড়েছে ছেলেটি সমানে তার মাকে আগলে রেখেছে!'
ভিডিওটিতে প্রায় দু'হাজার কমেন্ট এসেছে। প্রতিটি কমেন্টেই রয়েছে ভালবাসা-আবেগের ছোঁয়া। কেউ লিখেছেন, 'আমার ছেলে ও ঠিক এরকম। আমি তো অনেক ছোট বয়সে বাবা কে হারিয়েছি।ও আমার বাবা ই।বাবা র মতো সন্তানের মতো আগলে রাখে আমায়।' একজন লিখেছেন, 'প্রতিটা সন্তান যেন মা কে এই ভাবেই আগলে রাখে।' একজন নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। লেখেন, 'আমার মেয়েও আমাকে মায়ের মতো আগলে রাখে। আমি চশমা পড়ে ঘুমিয়ে পড়লে ও আমার চশমা খুলে রাখে। এত যত্ন হয়তো আমিও করতে পারি না।'