এআই নিয়ে দুনিয়াজুড়ে যে প্রতিযোগিতা চলছে, তাতে দক্ষ প্রফেশনাল ধরে রাখার জন্য কোম্পানিগুলি স্যালারির খেলায় ঝুঁকি নিচ্ছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 July 2025 19:02
দ্য ওয়াল ব্যুরো: এআই (Artificial Intelligence) নিয়ে দুনিয়াজুড়ে এখন উত্তেজনার পারদ তুঙ্গে, আর সেই প্রতিযোগিতায় নিজের স্থান মজবুত করতে ফেসবুকের মূল সংস্থা ‘মেটা’ (Meta) বিশাল অঙ্কের বেতন দিচ্ছে শীর্ষ এআই গবেষক ইঞ্জিনিয়ারদের।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা সংক্রান্ত ফেডারেল ফাইলিং থেকে জানা গেছে, মেটার একজন শীর্ষ এআই রিসার্চ ইঞ্জিনিয়ার বছরে ৪,৪০,০০০ ডলার পর্যন্ত বেস স্যালারি পাচ্ছেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৭৬ কোটি টাকা।
রিপোর্টটি মেটার H-1B আবেদন থেকে পাওয়া গেছে। আমেরিকার শ্রম আইন অনুযায়ী, বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে সংস্থাগুলিকে এই তথ্য জমা দিতে হয়। এই ডেটায় কেবলমাত্র বেসিক বেতন উল্লেখ করা হয়েছে— এর বাইরে রয়েছে বোনাস, শেয়ার, RSU (Restricted Stock Unit) এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
বলা হচ্ছে, এই বেস স্যালারির বাইরেও মেটা বিশাল পরিমাণ স্টক গ্রান্ট দেয়, বিশেষত এআই বা প্রযুক্তিগত গবেষণার সঙ্গে যুক্ত উচ্চপদস্থ কর্মীদের।
এক সূত্র অনুযায়ী, বিভিন্ন প্রযুক্তিগত পোস্টের জন্য মেটা যা স্যালারি দেয়, তা কিছুটা এমন -
• এআই রিসার্চ ইঞ্জিনিয়ার (AI Research Engineer): ১,৬৫,০০০ ডলার থেকে ৪,৪০,০০০ ডলার
• সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট/ টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার (Senior Research Scientist / Technical Program Manager): ২,৩০,০০০ ডলারের বেশি
• সফটওয়্যার ইঞ্জিনিয়ার (Software Engineer): সর্বোচ্চ ৪,৮০,০০০ ডলার
• ডেটা সায়েন্স ম্যানেজার/ডিরেক্টর (Data Science Manager/Director): ২,৪৮,০০০ থেকে ৩,২০,০০০ ডলার
• প্রোডাক্ট ম্যানেজার/ ইউএক্স ডিজাইনার/ রিসার্চার (Product Manager / UX Designer / Researcher): ৬ ডিজিটের স্যালারি (ডলারে) তো বটেই।
এই তথ্য আরও প্রমাণ করে যে, এআই নিয়ে দুনিয়াজুড়ে যে প্রতিযোগিতা চলছে, তাতে দক্ষ প্রফেশনাল ধরে রাখার জন্য কোম্পানিগুলি স্যালারির খেলায় ঝুঁকি নিচ্ছে।
মেটা-র পাশাপাশি অন্যান্য কোম্পানিও বিশাল প্যাকেজ অফার করছে। থিঙ্কিং মেশিনস ল্যাব (Thinking Machines Lab), যেটি প্রতিষ্ঠা করেছেন প্রাক্তন OpenAI CTO মীরা মুরাতি, তারা এখনও পর্যন্ত কোনও পণ্য বাজারে না এনেও, টেকনিক্যাল স্টাফদের বছরে ৫০,০০,০০০ ডলার পর্যন্ত বেস স্যালারি অফার করছে।
এর অর্থ একটাই। বর্তমানে এআই ট্যালেন্ট নিয়ে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা শুরু হয়েছে, যেখানে সাফল্যের চাবিকাঠিই হচ্ছে শীর্ষ প্রতিভাকে ধরে রাখা।