এক সময় প্রেমিক বা প্রেমিকাকে ইমপ্রেস করতে হলে মোমবাতির আলোয় একটা ডিনার বা কাব্য করে কিছু পড়ে শোনানো ছিল প্রথা। আজকের প্রেমিক-প্রেমিকারা প্রশংসার ভাষায় নয়, ব্যঙ্গ-বিদ্রুপের ভাষায় বেশ পারদর্শী।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 May 2025 23:50
দ্য ওয়াল ব্যুরো: মিমের আমি, মিমের তুমি- মিম দিয়ে যায় চেনা। বিষয়টা খানিক যেন তাই-ই। প্রেমপত্র নয়, এখন প্রেমের প্রকাশ হয় মিমে। রোম্যান্টিক কবিতা নয়, আধুনিক যুগের প্রেমিকরা পাঠায় আইরনিক কনফেশন, এমোজির গোঁজামিল, আর ব্যঙ্গবিদ্রুপে ঠাসা ডেটিং বায়ো। রসবোধের দাবি প্রেমে বরাবরই ছিল যদিও, তবুও ২০২৫-এর প্রেমে এখন সবচেয়ে কার্যকর অস্ত্র রসবোধ।
এক সময় প্রেমিক বা প্রেমিকাকে ইমপ্রেস করতে হলে মোমবাতির আলোয় একটা ডিনার বা কাব্য করে কিছু পড়ে শোনানো ছিল প্রথা। আজকের প্রেমিক-প্রেমিকারা প্রশংসার ভাষায় নয়, ব্যঙ্গ-বিদ্রুপের ভাষায় বেশ পারদর্শী।
ডেটিং অ্যাপের ‘সোয়াইপ রাইট’-এর থেকেও তাড়াতাড়ি পাল্টেছে ডেটিং-এর সংজ্ঞা। ভারতীয় এক ডেটিং অ্যাপ QuackQuack-এর প্রতিষ্ঠাতা ও সিইও রবি মিত্তল বলেন, ‘ধরুন একটা বায়ো বলছে- ‘সমুদ্র পছন্দ করি, তবে বালির দুর্গ বানাতে গিয়ে তোমায় ভুলে যেতে পারি’। এমন এক বায়ো সাধারণ 'I am a beach person'-এর তুলনায় দ্বিগুণ ম্যাচ পায়।’

তাঁর কথায়, ‘বর্তমান যুগের প্রেমিক প্রেমিকারা বিশ্বাস করেন, কাউকে হাসাতে পারা আর একসঙ্গে হেসে ওঠা- এটাই প্রেমে পড়ার সবচেয়ে স্বাভাবিক ও কার্যকর উপায়। বায়ো হল এমন এক লাইন, যেখানে কয়েক শব্দে নিজের ব্যক্তিত্ব, রসবোধ আর আত্মবিশ্বাস ফুটিয়ে তোলা যায়।’
রবি আরও বলেন, ‘আজকের প্রজন্ম আবার ‘অরিজিনাল’ হতে শিখেছে। তারা বুঝে গেছে, নিজেদের মজাদার, অদ্ভুতুড়ে দিকটা মিমের মাধ্যমেই সবচেয়ে ভালভাবে প্রকাশ করা যায়। যেমন একটা কুকুর কাঁপছে, আর ক্যাপশন: ‘যখন কোনও গ্রুপে নিজের পরিচয় দিতে বলা হয়, তখন আমার এমনই অবস্থা হয়।’ এটা শুধু যে উল্টোদিকের মানুষটাকে হাসিয়ে ফেলে ইমপ্রেস করা জন্য, তা-ই নয়- এর মধ্যে দিয়ে তারা সহজেই নিজেদের সামাজিক জড়তা আর আবেগ ফুটিয়ে তোলে সকলের সামনে।

২০২৫ তাহলে কী পরামর্শ দিচ্ছে এই প্রজন্মের প্রেমিক-প্রেমিকাদের?
সেই কোন যুগ থেকে মহাপুরুষরা বলে আসছেন, ‘হাসিঁ তো ফাসি’। তবে তা এখন ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্যই খাটে। অগত্যা, গোমড়াথোড়িয়াম হয়ে না বসে থেকে হাসতে শেখো, হাসাতেও জানো। কারণ গবেষণা বলছে, যেসব জুটি একসঙ্গে হাসে, তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।|
সুতরাং প্রেমে পড়তে চাইলে এবার হয়তো প্রোফাইল বায়োতে একটা সারক্যাজম মেশানো স্বীকারোক্তি বা মিমই হয়ে উঠতে পারে ভালোবাসার প্রথম ধাপ।