গাড়ির নম্বর প্লেটের ছবি থেকেই আসল সত্য ফাঁস করে দেন আরেক রেডিট ব্যবহারকারী (Reddit User)। যিনি নিজেকে পেশায় আইনজীবী বলে পরিচয় দেন। নম্বর দেখে তিনি গাড়ির মালিকানা খতিয়ে দেখে জানান, গাড়িটি ওই যুবকের নামে নয়, সম্ভবত তাঁর বাবার নামে রয়েছে। এরপরেই শুরু হয় চর্চা।

ভাইরাল পোস্ট
শেষ আপডেট: 9 July 2025 08:20
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় নিজেকে সফল প্রমাণ করার প্রবণতা নতুন কিছু নয়। অনেকেই ‘প্রেরণা’ দেওয়ার ছলে নিজেদের কোনও গল্প কিংবা বিলাসিতার ছবি তুলে পোস্ট করেন। ঠিক এমনই এক ঘটনা দেখা গেল রেডিটে (Reddit)। এক যুবক দাবি করেন, ২৫ বছর বয়সেই নিজের টাকায় কিনেছেন একটি বিলাসবহুল রেঞ্জ রোভার (Range Rover) গাড়ি। ক্যাপশনে লেখেন, '২৫ বছর বয়সে প্রথম গাড়ি কিনলাম।'
গাড়ির নম্বর প্লেটের ছবি থেকেই আসল সত্য ফাঁস করে দেন আরেক রেডিট ব্যবহারকারী (Reddit User)। যিনি নিজেকে পেশায় আইনজীবী বলে পরিচয় দেন। নম্বর দেখে তিনি গাড়ির মালিকানা খতিয়ে দেখে জানান, গাড়িটি ওই যুবকের নামে নয়, সম্ভবত তাঁর বাবার নামে রয়েছে। এরপরেই শুরু হয় চর্চা।
আইনজীবী মন্তব্য করেন, 'নিজের অর্জন বলছো? কিন্তু এ তো বাবার টাকায় কেনা গাড়ি। এখানে লোকে তোমার সঙ্গে নয়, তোমার বাবার সঙ্গে প্রতিযোগিতা করছে। এমন হলে ফ্লেক্স তো বাবারই হওয়া উচিত। যদি সেটাও সত্যি হয়, তা-ও তো হতে পারে দুর্নীতির টাকায় কেনা!'
তাঁর এই মন্তব্য ভাইরাল (Viral Post) হয়ে যায় রেডিটে। বহু মানুষ আইনজীবীর সেই বক্তব্যকে সমর্থন করেন। পরে যুবক ফের দাবি করেন, গাড়িটি সম্পূর্ণ নিজের টাকায় কেনা হয়েছে। এমনকি হুমকির সুরে লেখেন, 'বাবা তো আমারই, আমি না দেখালে কে দেখাবে? সমস্যা থাকলে সামনে এসে কথা বলুন।'
এ নিয়ে তর্ক বাড়তেই, ওই আইনজীবী লেখেন, 'ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে কোনও বিরোধ নেই, কিন্তু যা সত্য, সেটা বলা দরকার। তুমি এমন একটা জিনিস নিয়ে বড়াই করছো, যেটা তোমার উপার্জনে কেনা নয়। এটা তোমার বাবার সফলতা। তুমি শুধু গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছো। নিজে কিছু করে দেখাও, তারপর বড়াই করো।'
এই প্রসঙ্গ নিয়ে রেডিট-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (Social Media Platform) শুরু হয়েছে বিতর্ক। কেউ ওই যুবকের পক্ষ নিয়েছেন, কেউ আবার আইনজীবীর বক্তব্যকে সমর্থন করেছেন। বিশেষ করে ‘ফ্যাক্ট চেক’ করে সত্যিটা তুলে ধরার জন্য অনেকেই প্রশংসা করেছেন ওই আইনজীবীর। একজন লেখেন, 'ভালো হয়েছে কেউ এটা ধরেছে। না হলে পরিশ্রম করে জীবনে কিছু করতে চাওয়া অনেক তরুণ-তরুণী নিজেকে ছোট ভাবতে শুরু করত।'
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের অর্জনের ছবি দিয়ে দাবি করেন, ‘আমি পেরেছি’। কিন্তু সেই কৃতিত্বের আসল মালিক কে, তা খুঁজে বের করতেও সময় লাগছে না নেটমাধ্যমের এক একটি তথ্য-সচেতন চোখের। তাই সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায়, তা কি সবসময় সত্যি হয়, এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলল।