নতুন ট্রান্সফর্মার যেন বহু বছর ভাল থাকে, এই আশায় গ্রামবাসীরা নিজেদের মতো করে আয়োজন করেছেন পুজোর।

এবার যেন টিকে যায় ট্রান্সফর্মার
শেষ আপডেট: 31 May 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: ভারতের নানা প্রান্তে প্রত্যন্ত কিছু গ্রাম রয়েছে যেখানের মানুষ এখনও সাধারণ কিছু পরিষেবা পেতেও বছরের পর বছর অপেক্ষা করেন। সম্প্রতি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভিন্ড জেলার গান্ধীনগর এলাকায় বিদ্যুৎসঙ্কট (load shedding) কাটিয়ে এক নতুন ট্রান্সফর্মার বসানো হয়েছিল। পুরনো ট্রান্সফর্মারটি (Transformer) দীর্ঘ ১৫ বছর ধরে মোটামুটি ঠিকঠাক কাজ করার পর হঠাৎ পুড়ে যায়। আর সেই জায়গায় নতুন ট্রান্সফর্মার বসানোর উপলক্ষে গোটা গ্রাম যেন উৎসবে মেতে ওঠে।
গ্রামবাসীরা একজোট হয়ে নতুন ট্রান্সফর্মারের ‘দীর্ঘায়ু কামনায়’ নিয়মবিধি মেনে আয়োজন করেন পুজো। আরতি হয়, বিতরণ করেন মিষ্টিও। তাঁদের মতে, এই গরমে বিদ্যুৎহীন অবস্থায় চরম ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই সময় তাঁরা স্থানীয় বিধায়ক নরেন্দ্র সিং কুশওয়াহার কাছে অভিযোগ জানান। বিধায়ক হস্তক্ষেপ করার মাত্র দু’ঘণ্টার মধ্যে নতুন ট্রান্সফর্মার পৌঁছে যায় গ্রামে।
তবে শুধু এই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যই নয়, বরং বিদ্যুৎ দফতরের প্রতি গভীর অনাস্থা থেকেও এমন অভিনব পুজোর আয়োজন করেছেন বলে জানালেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের গাফিলতি নিয়ে তাঁরা এতটাই ভুগেছেন যে, তিতিবিরক্ত হয়ে উঠেছেন গ্রামবাসী। কোনও ট্রান্সফর্মার বিকল হলে সেটি পাল্টাতে ১০ থেকে ১৫ দিন লেগে যায়। তাছাড়া, এই সমস্যা মেটাতে বহুবার অফিসে অফিসে ঘুরতে হয় সাধারণ মানুষকে। সেই কারণেই, নতুন ট্রান্সফর্মার যেন বহু বছর ভাল থাকে, এই আশায় গ্রামবাসীরা নিজেদের মতো করে আয়োজন করেছেন পুজোর।
শহরের দিকে পরিষেবা সংক্রান্ত নানা সমস্যা তবু অনেকটা কমেছে বলা যায়, তবে প্রত্যন্ত গ্রামের দিকে এখনও মানুষ রয়েছেন সেই তিমিরেই।