পূর্বাভাসগুলি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত না হলেও, তার আগের কিছু সঠিক ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ায় অনেকেরই তাঁর প্রতি বিশ্বাস রয়েছে।

শেষ আপডেট: 5 June 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: জাপানের মাঙ্গা শিল্পী রিও তাতসুকি, যিনি ‘নতুন বাবা ভাঙ্গা’ নামে পরিচিত, ২০২৫-এর জুলাই মাসে জাপানে এক বিশাল সুনামির ভবিষ্যদ্বাণী করেছেন। তার মাঙ্গা ‘দ্য ফিউচার আই স' (The Future I Saw)-এ ৫ জুলাই এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত রয়েছে, যা সুনামি বা ভূমিকম্পও হতে পারে।
তাতসুকির পূর্বাভাসগুলি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত না হলেও, তার আগের কিছু সঠিক ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ায় অনেকেরই তাঁর প্রতি বিশ্বাস রয়েছে। ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি এবং ফুকুশিমা ডাইইচি পারমাণবিক বিপর্যয়ের পূর্বাভাস দেওয়ার জন্য তিনি পরিচিত।
পর্যটন খাতে এর ব্যাপক এবং সরাসরি প্রভাব পড়েছে। তাতসুকির ভবিষ্যদ্বাণী সামনে আসার পর, জাপানের ফ্লাইট বুকিং ৮৩% কমে গেছে একধাপে। বিশেষ করে হংকং, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান থেকে পর্যটকরা তাঁদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছেন। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, হংকং থেকে বুকিং কমেছে ৫০%। জুন ও জুলাই মাসে বুকিং ৮৩% পর্যন্ত কমেছে।
জাপান সরকার ও সরকারি নানা প্রতিক্রিয়া সামনে এসেছে এর পর। তাতসুকির এই পূর্বাভাসকে অমূলক ও বৈজ্ঞানিক ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তাঁরা। মিয়াগি প্রিফেকচারের গভর্নর ইয়োশিহিরো মুরাই বলেছেন, ‘অবৈজ্ঞানিক গুজবের কারণে পর্যটনে সমস্যা সৃষ্টি হলে তা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আমি আশা করি মানুষ গুজব উপেক্ষা করে ভ্রমণ করবে।’
তাতসুকির পূর্বাভাসের বাইরে, জাপানের ভূমিকম্প ঝুঁকি নিয়ে সরকার উদ্বিগ্ন। এপ্রিল মাসে একটি সরকারী টাস্ক ফোর্স সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে, ‘প্যাসিফিক উপকূলে একটি বড় ভূমিকম্প হলে ২৯৮,০০০ মানুষের মৃত্যু হতে পারে।’
রিও তাতসুকির অতীত পূর্বাভাস-
১৯৯৫ সালের কোবে ভূমিকম্প: তাতসুকি এই ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন।
২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি: তিনি এই বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছিলেন।
ফ্রেডি মারকারির মৃত্যু: তিনি ফ্রেডি মারকারির মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন।
কোভিড ১৯ প্যান্ডেমিক: তাতসুকির বই ‘দ্য ফিউচার আই স' তে তিনি ২০২০-তে এক ভাইরাস ছড়িয়ে পড়ার আভাস দিয়েছিলেন। যার সঙ্গে বাস্তবের করোনা ভাইরাসের সঙ্গে মিল রয়েছে।