এই পোস্ট প্রচুর আবেদনকারীকে আকর্ষণ করেছে। তাই বলাই যায় সিইও-র এই কৌশল বেশ সফলই হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 August 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: Puch AI-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সিদ্ধার্থ ভাটিয়া এক্স (আগের টুইটার)-এ ঘোষণা করেছেন এক অভিনব ইন্টার্নশিপের সুযোগ। এখানে মাসে স্যালারি হবে ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার মধ্যে। যে পদের জন্য আবেদন জানানো যাবে, তা হল এআই ইঞ্জিনিয়ার ও গ্রোথ ম্যাজিশিয়ান।
এখানে সবচেয়ে বড় বিষয় – এই ইন্টার্নশিপে কোনও ডিগ্রি বাধ্যতামূলক নয়। এমনকী স্কুলের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে।
আবেদনের পদ্ধতিও বেশ আলাদা। আগ্রহীদের সরাসরি সিদ্ধার্থ ভাটিয়ার পোস্টে কমেন্ট করে জানাতে হবে কেন তাঁরা যোগ্য প্রার্থী এবং Puch AI-তে কাজ করার জন্য কোন বিষয়ে তাঁরা ভাবনাচিন্তা করছেন।
সিদ্ধার্থ তাঁর পোস্টে লিখেছেন, “কেন আমরা আপনাকে বেছে নেব এবং Puch AI-তে কাজ করার জন্য আপনি কী নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত - তা কমেন্টে লিখুন (মেসেজে নয়)।” এছাড়া তিনি জানিয়েছেন, কেউ পরিচিত কোনও উপযুক্ত প্রার্থীকে ট্যাগ করলে এবং সে নির্বাচিত হলে, ওই রেফারারকে উপহার হিসেবে একটি আইফোন দেওয়া হবে।
পাশাপাশি, Puch AI একটি হ্যাকাথনও আয়োজন করছে। যেখানে বিজয়ীরা সরাসরি ইন্টার্নশিপ অফার পাবেন, আর প্রথম ১০-এর মধ্যে যাঁরা থাকবেন, তাঁরা প্রতিষ্ঠাতাদের সঙ্গে সরাসরি ইন্টারভিউতে বসার সুযোগ পাবেন।
দেখা যাচ্ছে, সিইও-র এই কৌশল বেশ সফল, কারণ এটি সরাসরি লক্ষ্যপূরণ করেছে এবং প্রচুর আবেদনকারীকে আকর্ষণ করেছে।
বড় অঙ্কের স্টাইপেন্ডের কারণে এই পোস্ট দ্রুত ভাইরাল হয়েছে। ইতিমধ্যে লিংকডইনে প্রায় ১,০০০ লাইক ও ৫০০-এর বেশি কমেন্ট এসেছে, যেখানে অনেকে নিজেদের যোগ্যতার কথা লিখে আবেদন করছেন।