গত ২৯ জুলাই আবেদনটি জমা পড়েছিল বলে খবর। সেটি যাচাই করার সময় কর্তৃপক্ষ বুঝতে পারেন, আবেদনপত্রে দেওয়া ছবি, আধার নম্বর, বারকোড এবং ঠিকানার ক্ষেত্রে চরম জালিয়াতি করা হয়েছে।
.jpg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 6 August 2025 09:05
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে বিহারে একের পর এক অবাক করে দেওয়ার মতো ঘটনা সামনে আসছে। কুকুর থেকে শুরু করে ট্র্যাক্টরের বাসিন্দা শংসাপত্রের আবেদন (Residential Certificate Application) জমা পড়েছে। সেই তালিকায় এবার নাম জুড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। বাসিন্দা শংসাপত্র চেয়ে আবেদন জমা পড়েছে তাঁর নামে। ব্যাপারটা কী?
জানা গিয়েছে, বিহারের সমষ্টিপুর জ্রজে মোহিউদ্দিননগর এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রাম্পের ছবি ও নাম ব্যবহার করে অনলাইনে আবেদন জমা দিয়েছে। ওই আবেদনপত্রে ভুয়ো ঠিকানা দেওয়া হয়েছে। গ্রাম হাসানপুর, ওয়ার্ড নম্বর ১৩, ডাকঘর বকরপুর, মোহিউদ্দিননগর থানা, জেলা- সমষ্টিপুর।
গত ২৯ জুলাই আবেদনটি জমা পড়েছিল বলে খবর। সেটি যাচাই করার সময় কর্তৃপক্ষ বুঝতে পারেন, আবেদনপত্রে দেওয়া ছবি, আধার নম্বর, বারকোড এবং ঠিকানার ক্ষেত্রে চরম জালিয়াতি করা হয়েছে। এরপরই মহকুমা অফিসার (CO) আবেদনটি সোজাসুজি বাতিল করে দেন। প্রশাসনের ধারণা, পুরো বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে সরকারি ব্যবস্থাকে কটাক্ষ ও হাস্যাস্পদ করার জন্য।
মোহিউদ্দিননগরের সিও জানিয়েছেন, এটি তথ্যপ্রযুক্তি আইনের (IT Act) অধীনে গুরুতর অপরাধ। ইতিমধ্যেই স্থানীয় সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে একটি তদন্তকারী দল আইপি অ্যাড্রেস ও লগইন তথ্যের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ শুরু করেছে।
এই ঘটনা আরও একবার বিহারের বিভিন্ন জেলায় চলতে থাকা ভুয়ো বসবাস শংসাপত্র কেলেঙ্কারির কাহিনি সামনে এনে দিল। এর আগেও পাটনা, পূর্ব চম্পারণ, নালন্দা সহ একাধিক জেলায় ‘ডগ বাবু’, ‘নিতীশ কুমারী’, এমনকি ‘সোনালিকা ট্রাক্টর’-এর নামে বসবাসের শংসাপত্র চেয়ে অনলাইন আবেদন জমা পড়েছে।
এসব ঘটনায় একটাই বিষয় উঠে আসছে, অনলাইন আবেদনের যাচাই ব্যবস্থায় রয়েছে গুরুতর ফাঁকফোকর। প্রশাসনিক আধিকারিকরা আশ্বাস দিয়েছেন, আগামী দিনে ভুয়ো আবেদন রুখতে প্রযুক্তিগত অডিট, আরও কঠোর KYC যাচাই এবং লগইন নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।