বোনের বিয়েতে শহিদ আশিস কুমারের অনুপস্থিতি পূরণ করতে না পারলেও দাদার সবরকম দায়িত্ব কাঁধে তুলে নিলেন তাঁর সহযোদ্ধারা।

ছবি - এআই
শেষ আপডেট: 4 October 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: নতুন জীবনের শুরুতে হাজার আনন্দের মাঝেও প্রতিটা মুহূর্তে সঙ্গে ছিল দাদার অভাব। বোনের বিয়েতে শহিদ আশিস কুমারের অনুপস্থিতি পূরণ করতে না পারলেও দাদার সবরকম দায়িত্ব কাঁধে তুলে নিলেন তাঁর সহযোদ্ধারা।
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার ভরলি গ্রামে এক অনন্য ছবি দেখল বিয়ের আসর। ভারতীয় সেনারা যখন এগিয়ে এলেন শহিদ দাদার দায়িত্ব নিতে - বরযাত্রী, আত্মীয়স্বজন, গ্রামবাসী সবার চোখে জল।
বিয়ের কনে আরাধনা। দাদা সেনা জওয়ান আশিস কুমার। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অরুণাচল প্রদেশে ‘অপারেশন অ্যালার্ট’-এ শহিদ হন। আরাধনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে সেই অভাবটা কখনও পূরণ হওয়ার নয়। কিন্তু তাঁর রেজিমেন্টের সেনারা ঠিক করলেন জীবনের এই বিশেষ দিনে আরাধনাকে ভাইয়ের অভাব তাঁরা টের পেতে দেবেন না কোনওভাবেই।
আশিসের রেজিমেন্টের সেনারা, সঙ্গে পাঁওটা ও শিল্লাই এলাকার প্রাক্তন সেনারাও ভরলি গ্রামে হাজির হন। বিয়ের প্রতিটি আচার-অনুষ্ঠানে বোনের পাশে ছিলেন তাঁরা। মণ্ডপ পর্যন্ত আরাধনাকে পৌঁছে দেওয়া থেকে শুরু করে যাবতীয় রীতি - সবকিছুই পালন করেছেন কমরেডরা।
Her brother was not there, but in his place the entire Army family stood tall. In Sirmaur, soldiers of the 19 Grenadier Battalion came in uniform for the wedding of martyred Ashish’s sister. Ashish made the supreme sacrifice at the border in 2024, and his comrades stood like true… pic.twitter.com/6GMkK2z3bq
— Nikhil saini (@iNikhilsaini) October 3, 2025
বিয়েতে উপস্থিত সেনারা শুধু আচারেই সীমাবদ্ধ থাকেননি। আরাধনাকে উপহার হিসেবে তাঁরা দিয়েছেন একটি ফিক্সড ডিপোজিট, যা তাঁদের স্নেহ, ভালবাসা এবং দায়িত্ববোধেরই প্রকাশ। অনুষ্ঠানে উপস্থিত সকলে আর আবেগ ধরে রাখতে পারেননি।
শেষ পর্যন্ত পালন করেছেন দাদার সব দায়িত্ব। বিয়ের অনুষ্ঠান শেষে তাঁরা কনেকে সসম্মানে শ্বশুরবাড়ি পৌঁছে দেন। এক শহিদ সেনার অসমাপ্ত দায়িত্ব পূর্ণ করেন সম্মান ও মর্যাদার সঙ্গে।
গ্রামজুড়ে এই দৃশ্য একদিকে যেমন চোখে জল এনেছে সকলের, তেমনই দেশের সেনাদের আত্মত্যাগ ও পারস্পরিক বন্ধনের অনন্য উদাহরণ হিসেবেও দাগ কেটেছে হৃদয়ে।