দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির (IMA) প্রথম পাশ করা মহিলা অফিসার হয়েছেন সাই।

বাবার সঙ্গে সাই যাদব।
শেষ আপডেট: 17 December 2025 14:01
দ্য ওয়াল ব্যুরো: নাম সাই যাদব। বয়স ২৩। এই কচি বয়সেই দেশের ইতিহাসে স্বাধীনতা অর্জনের থেকেও বেশি বয়সের কাঁটাতার ভেঙে ইতিহাস গড়েছেন সাই যাদব। দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির (IMA) প্রথম পাশ করা মহিলা অফিসার হয়েছেন সাই। তাঁর এই অ্যাকাডেমি উত্তীর্ণ হওয়ার সঙ্গেই এই প্রতিষ্ঠানের ৯৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে।
দেরাদুনে আইএমএ-র প্রতিষ্ঠা হয় ১৯৩২ সালে, ব্রিটিশ আমলে। এখান থেকে ৬৭ হাজারের বেশি অফিসার পাশ করে বেরিয়েছেন। কিন্তু, এ পর্যন্ত একজনও মহিলা অফিসার ছিলেন না। সাইয়ের এই সাফল্য দেশের ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা করে দিল।
সাইয়ের বাবার নাম মেজর সন্দীপ যাদব। তিনি ১৬৪ ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়নে নাগাল্যান্ডে কর্মরত। আইএমএ থেকে পাশ করে সাই ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট পদে নিযুক্ত হচ্ছেন। তিনিই হলেন আইএমএ-র প্রথম নারী স্নাতক এবং টিএ-তে যোগ দিচ্ছেন। শুধু সাই যাদব একা নন, তাঁর পরিবারের চার প্রজন্ম ভারতীয় সেনায় সেবা করেছেন।

সাইয়ের প্রপিতামহ ব্রিটিশ সেনায় ছিলেন। ঠাকুরদা ছিলেন ভারতের সেনাবাহিনীতে। বাবা মেজর সন্দীপ যাদব এখনও কর্মরত রয়েছেন। তাঁকে নিয়ে যাদব পরিবারের চতুর্থ প্রজন্মে কাঁধে চাপল সেনা অফিসারের উর্দি। যে মুহূর্তে সাইয়ের বাবা-মা তাঁর কাধে স্টার পিন লাগালেন, সেই মুহূর্তে এক উৎসবের আমেজ দেখা দিয়েছে বিশেষত মহিলা মহলে।
সাইয়ের সাফল্য আপাতত গত দুদিন ধরে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। সকলেই মাথার টুপি নামিয়ে তাঁকে কুর্নিশ জানিয়েছেন। অনেকেই তাঁকে পরবর্তী প্রজন্মের পথের দিশারী রূপে বর্ণনা করেছেন। ৯৩ বছরের বেড়াজাল ভেঙে যেভাবে পুরুষশাসিত সমাজে দর্পিত ভঙ্গিতে উঠে এসেছেন, সেই প্রচেষ্টা পরবর্তী প্রজন্মের কাছে এক মহান অনুপ্রেরণা বলেও অনেকের মন্তব্য।

৬ মাস ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে কঠিন তালিমের পর তিনি এই সাফল্য হাসিল করলেন। বিশেষ অনুমতিবলে তিনি স্নাতক হয়েছেন অবশেষে। এই কদিনে পুরুষ সহকর্মীদের মতোই প্রতিটি ক্ষেত্রে তালিম নিতে হয়েছে তাঁকে। বাবার চাকরি সূত্রে তাঁর লেখাপড়ার তালিম হয়েছে বেলগাঁও সহ বিভিন্ন শহরে।