হরিয়ানায় অনলাইন নিলামে গাড়ির বিশেষ নম্বর প্লেট বিক্রি হল ১.১৭ কোটিতে। কেন এত দামে বিক্রি হল এই ভিআইপি নম্বর, কী বিশেষত্ব রয়েছে?

প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 November 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, শখের দাম লাখ টাকা। কিন্তু গাড়ির নম্বর প্লেটের জন্য কত টাকা দিতে পারেন? খুব বেশি হলে ১ লাখ, তারও বেশি হলে ২০ বা ৫০ লাখ! হরিয়ানায় প্রমাণিত হল, শখের দাম লাখ নয় কোটি টাকা। হ্যাঁ, কোটি কোটি টাকা দিয়ে নম্বর প্লেট কিনলেন এক ব্যক্তি। আর সেই সঙ্গে এই সপ্তাহের নিলামে দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেট (number plate) হয়ে গেল ‘HR88B8888’, বিক্রি হল ১.১৭ কোটিতে।
হরিয়ানা প্রতি সপ্তাহেই অনলাইন নিলাম করে VIP বা ফ্যান্সি নম্বর প্লেটের। শুক্রবার সন্ধে ৫টা থেকে সোমবার সকাল ৯টা, এই সময়ের মধ্যে আবেদনপত্র জমা নেওয়া হয়। আবেদনকারীরা নিজেদের পছন্দের নম্বরের জন্য রেজিস্টার করেন। তারপর শুরু হয় বিডিং-এর খেলা, যার ফল ঘোষণা হয় বুধবার বিকেল ৫টায়। পুরো প্রক্রিয়াই হয় সরকারি পোর্টাল (portal) fancy.parivahan.gov.in-এ।
৪৫ জন আবেদনকারী, মিনিটে মিনিটে ঝড়ের গতিতে চড়ল দাম
এই সপ্তাহে যত নম্বর নিলামে উঠেছিল, তার মধ্যে সবচেয়ে বেশি আবেদন ছিল ‘HR88B8888’-এর জন্য, মোট ৪৫টি। বেস প্রাইস (base price) ছিল ৫০ হাজার টাকা। তারপর প্রতি মিনিটে বাড়তে থাকল দর। দুপুর ১২টার সময় বিড পৌঁছে গেল ৮৮ লাখে। শেষমেশ বিকেল ৫টায় থামল ১.১৭ কোটিতে।
গত সপ্তাহেই ‘HR22W2222’-এর দাম উঠেছিল ৩৭.৯১ লক্ষ। সেই রেকর্ডকে বলে বলে দশ গোল দিল এই সপ্তাহের রেট।
‘HR88B8888’ নম্বরে এমন কী আছে?
এই VIP নম্বরকে বিশেষ করে তুলেছে এর ইউনিক লুক (unique look)। বড় হাতের ‘B’-কে দেখতে অনেকটা ‘8’-এর মতো। ফলে পুরো নম্বরটাই দেখতে একরকম টানা আটের সারি, যা অনেকের কাছেই ‘লাকি নম্বর’ (lucky number)।
নম্বরটি তৈরি কীভাবে—
দেশের অন্যান্য VIP নম্বরের রেকর্ড
এপ্রিল মাসে কেরলের টেক-বিলিয়নিয়র (tech billionaire) বেনু গোপালকৃষ্ণন তাঁর ল্যাম্বরগিনি উরাস পারফরমান্তে (Lamborghini Urus Performante)-র জন্য কিনেছিলেন ‘KL 07 DG 0007’ নম্বর। দাম ৪৫.৯৯ লাখ টাকা। বেস প্রাইস ছিল ২৫,০০০, যা দ্রুত চড়তে চড়তে পৌঁছে যায় রেকর্ড মূল্যে।
‘0007’ বিখ্যাত জেমস বন্ড কোডের (James Bond code) মতো হওয়ায় সেই নম্বরও পেয়েছিল বিশেষ চাহিদা।
VIP নম্বরের বাজার ক্রমশই উত্তপ্ত
দিন যত যাচ্ছে, VIP বা ফ্যান্সি নম্বর প্লেটের (fancy number market) চাহিদা বেড়েছে আরও। এই ধরনের নম্বর প্লেট এখন ধনীদের নতুন শখ। আর সেই শখের দাম বাজারে উঠছে হু হু করে।
হরিয়ানার এই সপ্তাহের নিলাম স্পষ্ট করে দিয়েছে, কিছু সংখ্যার জন্য মানুষ এখনও লক্ষ-কোটি খরচ করতে দ্বিধা করে না।