
শেষ আপডেট: 9 July 2022 06:52
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা এসে গেছে। রোজই বৃষ্টি হচ্ছে সকাল, বিকেল, সন্ধে। আর এই বৃষ্টিভেজা আবহাওয়ায় সিঙ্গারা (Samosa) যেন অপরিহার্য। সকালের জলখাবার হোক কিংবা সন্ধের আড্ডা, মুচমুচে মুখরোচক সিঙ্গারা না হলে যেন জমে না কিছুই। কিন্তু তাই বলে ৮ কেজি?
৮ কেজির দৈত্যাকার সিঙ্গারা (Bahubali Samosa) চোখে দেখেছেন কখনও? আপনি যতই সিঙ্গারা ভক্ত হোন, এত বড় সিঙ্গারা একা একা খেয়ে শেষ করতে আপনাকেও বেশ বেগ পেতে হবে বৈকি! আর তাই নেটো মাধ্যমে ঝড় তুলেছে এই ‘বাহুবলী’ সিঙ্গারা।
৮ কেজি ওজনের বিশালাকার এই সিঙ্গারার ভিডিও (Viral Video) ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে নেটিজেনদের জন্য রয়েছে চ্যালেঞ্জও। এই ৮ কেজির সিঙ্গারা আপনাকে এনে দিতে পারে ৫১ হাজার টাকার নগদ পুরস্কার।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৮ কেজির এই সিঙ্গারার নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী সামোসা’। উত্তর প্রদেশের মীরাটের একটি মিষ্টির দোকানে এই সিঙ্গারা বানানো হয়েছে। যা দেখে তাজ্জব হয়ে গেছেন সকলে। সিঙ্গারার পুর থেকে শুরু করে গরম তেলে তা ভাজা, খুঁটিনাটি সবই দেখানো হয়েছে সেই ভিডিওতে। আলু, কড়াইশুঁটি, পনির, মশলা, ড্রাই ফ্রুট- কী নেই তাতে! সিঙ্গারাটি দেখতে দোকানের বাইরে লম্বা লাইন পড়ে গেছে।
আরও পড়ুন: নাকের ফুটোয় আস্ত চিংড়ি ঢুকে ছটফট করছিল! জ্যান্ত বের করে আনলেন ডাক্তাররা
সিঙ্গারা খেতে যাঁরা ভালবাসেন তাঁদের জন্য দোকানের তরফেই ছুড়ে দেওয়া হয়েছে চ্যালেঞ্জ। বলা হয়েছে এই গোটা সিঙ্গারাটা কেউ একজন যদি খেয়ে শেষ করতে পারেন, তবে তিনি পেয়ে যাবেন ৫১ হাজার টাকা নগদ। এখনও অবধি কেউ সেই চ্যালেঞ্জ সফলভাবে নিতে পারেননি।