
শেষ আপডেট: 29 July 2022 08:30
দ্য ওয়াল ব্যুরো: আমাদের গরিব দেশে ছেলেদের কাজ আর মেয়েদের কাজ বলে সমাজের কিছু অলিখিত নিয়ম আছে। খুব ছোটবেলা থেকেই সেগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই যেমন, ছেলেরা একটু রান্নাঘরে গেলেই ‘পুরুষ মানুষের আবার রান্নাঘরে যাওয়া কী?’ বা মেয়েরা অফিস থেকে রাত করে ফিরলে ‘ভদ্র ঘরের মেয়েরা রাত করে বাড়ি ফেরে না’ এই ধরনের মন্তব্য প্রায়ই শোনা যায়।
এই যে ছেলেরা কী করবে আর মেয়েরা কী, তার একটা অঘোষিত নিয়ম সমাজ বহু আগেই বানিয়ে দিয়েছে। কিন্তু আজকের সমাজ বহু এগিয়ে গিয়েছে। আগে বাইরের কাজে মেয়েদের বিশেষ দেখতে পাওয়া যেত না। কিন্তু এখন অফিস করা, বাচ্চাকে স্কুলে দেওয়া, বাজার করা বা ইলেক্ট্রিসিটি বিল দেওয়া সবেতেই দেখতে পাওয়া যায় মেয়েদের।
কিন্তু জানেন কি, সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে, বাইরের ও ঘরের কাজ মেয়েরা সমানভাবে করলেও আমাদের দেশের মাত্র ১০ শতাংশ (10% man) পুরুষ ঘরের কাজে (household works) মহিলাদের সাহায্য করেন (Gender Discrimination)। মানে এই ধরুন কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা এই সব কাজে প্রতি ১০০ জন পুরুষের মধ্যে মাত্র ১০ জনকে দেখতে পাওয়া যায়।
টানা ১ বছর ব্যাপী চলা একটি গবেষণায় ৬ বছর বয়সের বেশি শিশু থেকে প্রাপ্ত বয়স্ক প্রায় ৪৫ লক্ষ পুরুষের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে রিপোর্ট। তাঁদের সারাদিনের কাজকর্ম সম্পর্কে কথা বলে মাত্র ১০ শতাংশ পুরুষ পাওয়া গিয়েছে যাঁরা ঘরের কাজে মেয়েদের সাহায্য করেন।
আমাদের দেশের ৮৪ শতাংশ মহিলা সারাদিনে যা কাজ করেন তার জন্য কোনও পারিশ্রমিক পান না। কিন্তু আমাদের দেশের ৮০ শতাংশ পুরুষ যা কাজ করেন তার জন্য তারা পারিশ্রমিক পান।
এই সমীক্ষা অনুযায়ী, দেশের মাত্র ৬.১ শতাংশ পুরুষ দিনের কিছু সময় রান্না করেন। মাত্র ৪ শতাংশ পুরুষ ঘর পরিষ্কার করেন এবং ৩ শতাংশ পুরুষ কাপড় কাচেন।
৬ থেকে ১৪ বছর বয়সী ছেলেরা দিনের অধিকাংশ সময় পড়াশোনা বা খেলাধূলা করে কাটায়। সেখানে সমবয়সী মেয়েদের অনেক বেশি সময় ঘরের কাজ করতে হয়।
এই সমীক্ষা অনুযায়ী, দেশের ৮৭ শতাংশ পুরুষ বিশ্রামের জন্য যথেষ্ট সময় পান। কিন্তু দেশের ১৫ থেকে ৫৯ বছর বয়সী অধিকাংশ মহিলা ঠিক মতো স্নান, খাওয়া-দাওয়ার সময়ও পান না।
কাজের কোনও ভাগ হয় না। সব কাজই সবাই করতে পারেন। পুরুষরা ঘরের কাজ করবেন না এই ট্যাবু থেকে আমাদের সমাজের বেরিয়ে যাওয়া খুব জরুরি।
দিদিমণির পায়ে যেন জল না লাগে, স্যারের ঘুম যেন না ভাঙে… কী চলছে মথুরার স্কুলে! ভাইরাল ভিডিও