অল্প পরিমাণে খেলে ক্ষতি নেই, কিন্তু রোজের সঙ্গী করে ফেললে শরীরের উপর প্রভাব পড়তেই পারে।

এআই ছবি (সংগৃহীত)
শেষ আপডেট: 28 June 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: ফ্রিজ খুলে ঠান্ডা একটা ডায়েট কোক বের করে চুমুক দিলেন? ঠান্ডা বুদবুদ ঢুকে পড়ল গলায়, শরীর-মনে এল স্বস্তি। এই অভ্যেস আমাদের অনেকেরই আছে। জলের পরিবর্তে কোল্ড ড্রিঙ্কে চুমুক অনেকেই দিয়ে থাকেন। কিন্তু জানেন কি, নেট দুনিয়ায় এই স্বস্তির মুহূর্তকেই ডাকা হচ্ছে 'ফ্রিজ সিগারেট' নামে।
না, আদতে কোনও সিগারেট নয় এটা। বরং সোশ্যাল মিডিয়া বলছে, এক ধরনের ‘স্মোক ব্রেক’ বা সিগারেটের বিকল্প হিসেবে কাজ করে এই কোল্ড ড্রিঙ্কের মুহূর্ত। মানে মানসিক ক্লান্তি, স্ট্রেস বা বিরক্তি দূর করতে, অনেকেই এখন হাত বাড়াচ্ছেন ডায়েট কোকের দিকে।
কে চালু করলেন এই ‘ফ্রিজ সিগারেট’ ট্রেন্ড?
নিউ ইয়র্কের বাসিন্দা র্যাচেল রেনো নামের এক সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর প্রথম এক ভিডিওতে লিখেছিলেন, 'কেউ বলছিল ডায়েট কোক হল ফ্রিজ সিগারেট। আর জীবনে এমন সত্যি আগে শুনিনি।' তারপর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয় ভিডিওটি। ৩০ লক্ষেরও বেশি ভিউ হয়। জেন জি-র কাছে ডায়েট কোক যেন নতুন যুগে স্বস্তির প্রতীক।
র্যাচেল বলেন, 'ক্যান বা বোতল খোলার আওয়াজটা যেন একদম লাইটারের ক্লিক। তারপর ফিজের শব্দ, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কের প্রথম চুমুক, সব কিছু মিলিয়েই এক স্বস্তির অনুভূতি।'
‘সিগারেট’ নয়, তবে দেহ-মন কীভাবে একে স্বস্তির সঙ্গে জুড়ে ফেলে?
চিকিৎসকদের মতে, এটা এক প্রকার ‘সেন্সরি অভ্যেস।’ অপ্রয়োজনীয় অথচ আরামদায়ক আচরণ। আর সেখান থেকেই আসে মানসিক শান্তি। এই মুহূর্তে মস্তিষ্ক থেকে নিঃসৃত হয় ডোপামিন। মানে সুখের অনুভূতি। তাই কেউ হয়তো ধূমপান করে চাপ কমান, কেউ চা বা কফি খান, কেউ আবার এখন ডায়েট কোক খোলার শব্দেই একটু হালকা হতে চান।
মনোবিদ ড. বিষ্ণু গাড়ে বলছেন, 'অনেকেই ফ্রিজ খুলে ঠান্ডা কিছু খুঁজে বের করেন শুধু একটা ভাললাগার জন্য, পিপাসা বা খিদের জন্য নয়। একে বলে ইমোশনাল কনসোলেশন।' তিনি জুড়ছেন, এমন অভ্যেস ক্ষতিকর নয়, যদি তা সীমার মধ্যে থাকে।
কিন্তু ডায়েট কোক কি স্বাস্থ্যকর?
নাম ডায়েট হলেও এটা মোটেই বিরাট স্বাস্থ্যকর কিছু নয়। ডায়েট কোকে থাকে অ্যাসপারটেম নামের কৃত্রিম মিষ্টি, যা অতিরিক্ত গ্রহণে ওজন বেড়ে যেতে পারে, বাড়ে সুগার, ক্ষতি হতে পারে হজমশক্তির।
নিউট্রিশনিস্ট দিব্যা মালিক জানাচ্ছেন, অল্প পরিমাণে খেলে ক্ষতি নেই, কিন্তু রোজের সঙ্গী করে ফেললে শরীরের উপর প্রভাব পড়তেই পারে।
তাহলে ‘ফ্রিজ সিগারেট’ খারাপ?
না। এটা একপ্রকার প্রতীকী অভ্যেস। বিশেষজ্ঞরা বলছেন, কোনও অভ্যেসই খারাপ নয়, যদি তা পরিমিত হয়। তাই ব্যস্ত দিনে একটু ফ্রিজ খুলে ডায়েট কোক খেলে ক্ষতি নেই, তবে সেটা যেন অভ্যেসে না পরিণত হয়।