অ্যাপেলের স্টিভ জোবস থেকে ফেসবুকের জাকারবার্গ, ভারতে এসে সকলেই গিয়েছিলেন তাঁর আশ্রমে। কিন্তু কীভাবে লক্ষ্মণ নারায়ণ শর্মা হলেন নিম করোলি বাবা? পিছনে রয়েছে একটি ট্রেন দুর্ঘটনা।

নিম করোলি বাবা
শেষ আপডেট: 15 October 2025 22:29
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু মানুষের পুনর্জন্ম হয়েছে, বহু মানুষকে পৃথিবী চিনেছে নতুন করে। বিশ্ব আজ হাতের মুঠোয়, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এই সোশ্যাল মিডিয়াই চিনিয়েছে একাধিক সাধু-সন্তদেরও। কখনও রিল, কখনও শর্টস আকারে জীবনকে অন্যভাবে দেখা বা বাঁচার বাণী ফোন খুললেই ভেসে ওঠে। পরিচিত মুখগুলোর অন্যতম 'নিম করোলি বাবা'।
তাঁর আশ্রমে বিরাট কোহলি থেকে স্টিভ জোবস, জাকারবার্গ থেকে জুলিয়া রবার্টস, সবাই পৌঁছেছেন। অনেকের দাবি, এই 'বাবা' পাল্টে দিয়েছেন তাঁদের জীবন। অন্যভাবে ভাবতে শিখিয়েছেন অনায়াসে। কে এই নিম করোলি বাবা? কীভাবে তিনি মানুষের পাল্স বোঝা শুরু করলেন, এই নামকরণই বা তাঁর কীভাবে হল?
বহু মানুষ ভগবানের ন্যায়ে পুজো করেন। অনেকেই মনে করেন, তাঁর আশ্রমে গিয়ে শান্তি পাওয়া যায়। একাধিক অলৌকিক ঘটনা তাঁর সঙ্গে জুড়ে আছে। এক সাধারণ সাধু থেকে নিম করোলি বাবা হওয়ার গল্পটাও নীহিত সেখানেই।
১৯৭৩ সালে প্রয়াত নিম করোলি বাবাকে ভক্তরা ভালোবেসে ‘মহারাজজি’ বলে ডাকতেন। তাঁর শিক্ষা ছিল সহজ কিন্তু গভীর, “সব এক”— অর্থাৎ ঈশ্বর ও সৃষ্টির ঐক্য। তিনি শিখিয়েছেন, সবাইকে ভালবাসতে, সেবা করতে, ঈশ্বরকে স্মরণে রাখতে এবং সত্যি কথা বলতে। ভগবান হনুমানের প্রতি তাঁর ভক্তি ছিল বিরাট, আর জীবন ছিল একেবারে ভক্তিমার্গের উদাহরণ।
নিম করোলি বাবার অলৌকিক ক্ষমতা নিয়ে নানা কাহিনি প্রচলিত আছে, কখনও একসঙ্গে দুই জায়গায় উপস্থিত হওয়া, কখনও এক স্পর্শে কাউকে ধ্যানমগ্ন করে তোলা, এসবের জন্য ভক্তদের একাংশ তাঁকে ‘মিরাকল বাবা’ বলেও ডাকতেন।
মূলত লক্ষ্মণ নারায়ণ শর্মা নাম ছিল জন্মের পর। উত্তরপ্রদেশের নীব করৌরি নামের এক গ্রামে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার পরই তিনি এই নামে পরিচিতি পান। লোকমুখে শোনা যায়, তরুণ বয়সে একদিন ক্ষুধার্ত অবস্থায় বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন। টিকিট না থাকায় টিটি নামিয়ে দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ট্রেনের ইঞ্জিন আর চালু হচ্ছিল না।
শেষ পর্যন্ত স্থানীয় এক ম্যাজিস্ট্রেট বলেন, এই সাধুকে আবার ট্রেনে উঠতে অনুরোধ করতে হবে। তাঁকে খাবার ও মিষ্টির নিবেদন করা হয়, আর তিনি শর্ত দেন, নীব করৌরিতে একটি স্টেশন তৈরি করতে হবে এবং সাধুদের প্রতি সম্মান দেখাতে হবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পরই তিনি ট্রেনে ওঠেন, আর ট্রেনটি চলতে শুরু করে। ঘটনাটির পর থেকে তাঁর নামের সঙ্গে যুক্ত হয় গ্রামটির নাম, লক্ষ্মণ নারায়ণ শর্মা হয়ে ওঠেন ‘নিম করোলি বাবা’ অর্থাৎ নিম করৌরির সাধু।
জনপ্রিয় এই সাধকের জীবনই এবার আসতে চলেছে বড়পর্দায়। ‘শ্রী বাবা নীব করৌরি মহারাজ’, ছবিটি পরিচালনা, কনসেপ্ট ও ক্রিয়েটিভ প্রোডাকশন করেছেন শরদ সিং ঠাকুর। সুবোধ ভবে, হীতেন তেজওয়ানি, মোহিত গুপ্তা প্রমুখরা রয়েছেন নানা গুরুত্বপূর্ণ চরিত্রে। যদিও হীতেন নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করছেন না। ছবিটির প্রযোজনায় রয়েছেন বলরাম গর্গ, বালবীর সিং ও শরদ সিং ঠাকুর।