অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি, তবে জানা গিয়েছে তাঁর পদবী ওয়ং। তাকে তসুং কওয়ান ও এলাকায় গ্রেফতার করা হয় প্রতারণার মাধ্যমে সম্পত্তি হাতানোর অভিযোগে। পুলিশ ঘটনার সময় তাঁর পরনে থাকা পোশাকও বাজেয়াপ্ত করেছে।

ছবি- এআই
শেষ আপডেট: 31 August 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো আইনজীবীর পরিচয় দিয়ে প্রথমে তরুণীকে নিয়ে বিলাসবহুল হোটেলে ডেটে যান। সেখানে রাজকীয় সব আয়োজন করে খাবার অর্ডার করেন। দুজনে মিলে সময় কাটান, গল্প করেন। কিন্তু যখন বিল দেওয়ার সময় আসল, ঠিক তখনই হঠাৎ 'উধাও' ওই যুবক। এদিকে বিলে টাকার অংক দেখে মাথায় হাত তরুণীর (9 Lakh Dinner Bill in Date Night)।
ঘটনাটি হংকংয়ের। তরুণীর অভিযোগে ২৩ বছরের অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যদিও তাঁর নাম প্রকাশ করা হয়নি। অভিযোগ, নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে বিলাসবহুল হোটেলে ডিনারে গিয়েছিলেন এবং তাঁর ঘাড়েই ৯ লক্ষ টাকার (৮০ হাজার হংকং ডলার) বিশাল রেস্তরাঁর বিল মিটিয়ে দেওয়ার দায় চাপিয়ে গা-ঢাকা দেন।
অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি, তবে জানা গিয়েছে তাঁর পদবী ওয়ং। তাকে তসুং কওয়ান ও এলাকায় গ্রেফতার করা হয় প্রতারণার মাধ্যমে সম্পত্তি হাতানোর অভিযোগে। পুলিশ ঘটনার সময় তাঁর পরনে থাকা পোশাকও বাজেয়াপ্ত করেছে। বর্তমানে মামলাটি সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ক্রাইম ইউনিট তদন্ত করছে।
পুলিশ জানায়, এক বছর আগে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় অভিযোগকারী তরুণীর। ওয়ং নিজেকে আইনজীবী বলে পরিচয় দেন এবং গত বৃহস্পতিবার সেন্ট্রালের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে ডিনারের প্রস্তাব দেন।
ডিনারের সময় দু’জনেই অর্ডার করেন Krug Clos d’Ambonnay শ্যাম্পেন, যার দাম ৭০ হাজার হংকং ডলারেরও বেশি। এর সঙ্গে ছিল প্রিমিয়াম সেট ডিনার যার দাম ২ হাজার ৩৮৮ হংকং ডলার প্রতিজনের। চা এবং সার্ভিস চার্জসহ মোট বিল দাঁড়ায় ৮০ হাজার হংকং ডলার।
কিন্তু বিল মেটানোর সময় হলে ওই যুবক হঠাৎ বাথরুমে যাওয়ার অজুহাত দেখান এবং আর ফেরেননি। পুলিশ সূত্রে জানা গেছে, 'তরুণী জানিয়েছেন, ডিনার শেষ হওয়ার আগেই ওয়ং বলেন তিনি ওয়াশরুমে যাচ্ছেন। কিন্তু এরপর আর ফিরে আসেননি।' সঙ্গীকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে বন্ধুদের সাহায্যে বিশাল বিল পরিশোধ করেন এবং পুলিশে অভিযোগ জানান।
তবে প্রথমে ওই তরুণী পুলিশকে জানান আর কোনও সাহায্য লাগবে না। কিন্তু পরের দিন (২৯ অগস্ট) আবার অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ ওয়ং-কে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এর আগেও এই ধরনের প্রতারণা করেছেন কিনা তা জানার চেষ্টা চলছে।