
শেষ আপডেট: 11 March 2025 17:15
দ্য ওয়াল ব্যুরো: জান লড়িয়ে এক তরুণীকে বাঁচালেন উত্তরাখণ্ডের দুই পুলিশ কর্মী। বর্তমানে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। খবর দেওয়া হয়েছে পরিবারের লোকজনকে। ঘটনার ভিডিও উত্তরাখণ্ড পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। মুহূর্তেই ভাইরাল হয় সেটি। সকলেই পুলিশ কর্মীদের তৎপরতার প্রশংসা করেছেন।
উত্তরাখণ্ডের রুরকির ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী স্নাতকোত্তর করছেন। মানসিক অবসাদে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। হঠাৎই রুরকির একটি খালে তিনি ঝাঁপ দেন। ভাসতে দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ পদক্ষেপ করেন।
View this post on Instagram
'রুরকি হক ১৪' দলের অতিরিক্ত সাব-ইনস্পেক্টর মনোজ শর্মা এবং হেড কনস্টেবল কৃপা রাম ছুটে গিয়ে জলে ঝাঁপ দিয়ে, সাঁতরে ওই তরুণীকে উদ্ধার করেন।
ভিডিওতে একজনকে কথা বলতে শোনা যায়। এই ঘটনা দেখে তিনি ভিডিও করেন এবং পুলিশকেও খবর দিতে শোনা যায়।
আধিকারিকদের এই সাহসী পদক্ষেপের জন্য উত্তরাখণ্ড পুলিশ প্রশংসা করেছে। সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে তারা লিখেছে, 'এই পদক্ষেপ পুলিশের কর্তব্যবোধ ও মানবকিতার উজ্জ্বল উদাহরণ।' স্থানীয়রাও পুলিশের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন।