দীপাবলি আসন্ন! বাড়ি সাজাতে আলো লাগানোর আগে জেনে নিন কী কী বিষয় মাথায় রাখা জরুরি। সামান্য অসাবধানতা ঘটাতে পারে বড় দুর্ঘটনা।

এআই দিয়ে তৈরি ছবি
শেষ আপডেট: 17 October 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি মানেই আলোর উৎসব। শহর হোক বা গ্রাম—সব জায়গাই সাজছে প্রদীপ, রঙিন টুনি বাল্ব বা বিভিন্ন আলোয়। কেউ ঝুলিয়ে রাখছেন লণ্ঠনের মতো আলো, কেউ আবার ঘর সাজাচ্ছেন ডিজাইনার লাইট দিয়ে। আলোর দোকানগুলিতে এখন উপচে পড়া ভিড়। তবে যতই সাজগোজ হোক, তার সঙ্গে তাল মিলিয়ে মানতে হবে কিছু সাবধানতাও। নাহলে আনন্দের উৎসবেই ঘটতে পারে দুর্ঘটনা।
কী কী বিষয় মাথায় রাখতে হবে আলো লাগানোর আগে?
আমাদের অনেকেরই অভ্যাস, একবার দীপাবলি মিটে গেলে লাইটগুলো বাক্সে ভরে রেখে দেওয়া হয়। বছর পরে আবার সেগুলো বের করা হয় সাজানোর জন্য। কিন্তু ব্যবহারের আগে দেখে নেওয়া দরকার—ইলেকট্রিক তারগুলো ঠিকঠাক আছে কি না। দীর্ঘদিন পরে বের করলে তার ছিঁড়ে বা পচে যেতে পারে। মাঝখান থেকে কাটা থাকলে শর্টসার্কিট হতে পারে। তাই লাইট লাগানোর আগে ভাল করে পরীক্ষা করে নিন, নয়তো উৎসবের আনন্দ মাটি হয়ে যেতে পারে।
দোকান থেকে আলো কিনে আনার সময়ই দেখে নিন, প্রতিটি বাল্ব জ্বলছে কি না। কিন্তু এখানেই থেমে যাবেন না, বাড়িতে এনে আবার একবার পরীক্ষা করে নিন। নাহলে দীপাবলির রাতে লাইট না জ্বললে ভোগান্তি বাড়তে পারে।
যে জায়গায় আলো লাগাচ্ছেন, সেখানে বিদ্যুতের আর্থিং ঠিক আছে কি না দেখে নিন, সেটাও দেখে নেওয়া জরুরি। আর্থিংয়ে সমস্যা থাকলে হালকা বিদ্যুৎ স্পর্শে বড় বিপদ ঘটতে পারে।
অনেকে বারান্দার লোহার গ্রিলে লাইট ঝুলিয়ে দেন। এটি দেখতে যতটা সুন্দর, ততটাই ঝুঁকিপূর্ণ হতে পারে। ঝুলিয়ে দেওয়ার আগে ভাল করে দেখে নিন—তার কোথাও ছেঁড়া বা খোলা নেই তো! নাহলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
লাইট এমন জায়গায় লাগান, যেখানে বাড়ির ছোটদের হাত পৌঁছাবে না। আজকাল বাজারে এমন অনেক ধরনের নিরাপদ লাইট পাওয়া যায়, যেগুলোর তারের চারপাশে সেফটি প্লাস্টিক কভার থাকে। শিশুদের ঘর বা বারান্দার সাজের জন্য এগুলি ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।
একই প্লাগে একাধিক লাইট লাগানো কখনোই উচিত নয়। এতে অতিরিক্ত লোড পড়ে শর্টসার্কিটের সম্ভাবনা বাড়ে। প্রতিটি লাইটের জন্য আলাদা কানেকশন রাখুন। প্রয়োজনে এক্সটেনশন বোর্ড ব্যবহার করুন।
বারান্দা, ছাদ বা বাগানের মতো জায়গায় সৌরচালিত আলো ব্যবহার করতে পারেন। এতে বিদ্যুৎ খরচ কমবে, পরিবেশও রক্ষা পাবে। সূর্যের আলোয় চার্জ হয়ে এই লাইটগুলো রাতে নিজে থেকেই জ্বলে ওঠে।
যদি স্মার্ট লাইট না থাকে, তবে স্মার্ট প্লাগ ব্যবহার করতে পারেন। এই প্লাগ যে কোনও সাধারণ লাইটকে ‘স্মার্ট’ করে তোলে। Wi-Fi-এর সাহায্যে এটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, ফলে বিদ্যুৎ সাশ্রয়ও হয়।
আলোয় ভরে উঠুক ঘর, কিন্তু নিরাপত্তা যেন অন্ধকারে না থাকে। একটু সচেতনতা, একটু যত্ন নিলেই নিরাপদে বাজি পোড়াতে পারবেন।