তরুণীর অভিযোগ অনুযায়ী, তিনি অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরই ডেলিভারি বয় তাঁর বাড়িতে পৌঁছন। ঠিকানা নিশ্চিত করার নাম করে তিনি আবারও দরজায় আসেন। সেই সময়ই আচমকা তাঁকে অনভিপ্রেতভাবে বুকে স্পর্শ করেন ওই ব্যক্তি।
.jpg.webp)
ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 7 October 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন শপিংয়ের সুবিধা নিতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা হল এক তরুণীর সঙ্গে (Woman harassment)। তিনি অভিযোগ করেছেন, ডেলিভারি দিতে এসে এক ই-কমার্স সংস্থার ডেলিভারি বয় তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেছেন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য।
তরুণীর অভিযোগ অনুযায়ী, তিনি অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরই ডেলিভারি বয় তাঁর বাড়িতে পৌঁছন। ঠিকানা নিশ্চিত করার নাম করে তিনি আবারও দরজায় আসেন। সেই সময়ই আচমকা তাঁকে অনভিপ্রেতভাবে বুকে স্পর্শ করেন ওই ব্যক্তি। তরুণী সঙ্গে সঙ্গে পিছিয়ে যান এবং নিজের হাতে থাকা পার্সেলটিকে সামনে ধরে প্রতিরোধ করেন। ঘটনার ভিডিও ফুটেজটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'এই আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। মহিলাদের নিরাপত্তা কি আজ রসিকতার বিষয় হয়ে গেল?'
প্রথমে সংস্থা অভিযোগটি গুরুত্ব সহকারে নিতে চায়নি বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, 'প্রমাণ না দেখালে ওরা কেবল সতর্ক করে ছেড়ে দিতে চেয়েছিল।' পরে ভিডিও প্রমাণ পাঠানোর পর অভিযুক্ত ডেলিভারি কর্মীর চাকরি বাতিল করে সংস্থা (Delivery agent fired)।
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, 'এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভুক্তভোগী যা সহ্য করেছেন, তা একেবারেই কাম্য নয়। আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।' তবে এরপরও তরুণীর প্রশ্ন, 'যদি ভিডিও না থাকত, তাহলে কি ন্যায় পেতাম?' ঘটনার পর দেশজুড়ে মহিলাদের অনলাইন ডেলিভারি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।