বার্ন আউট বা নিত্যদিনের জাঁতাকলে পড়ে হাঁপিয়ে পড়া যখন ট্রেন্ডিং, ঠিক তখনই দিল্লির এক সংস্থা কর্মীদের জন্য তৈরি করল দৃষ্টান্ত।

ইমেলের ছবি, (ডানদিকে) কোম্পানির সিইও রজত গ্রোভার
শেষ আপডেট: 12 October 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: কর্পোরেট জগত এই মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে পুরোদমে অফিসে ফেরার কড়াকড়ি জারি করে খবরের শিরোনাম দখল করেছে। বার্ন আউট বা নিত্যদিনের জাঁতাকলে পড়ে হাঁপিয়ে পড়া যখন ট্রেন্ডিং, ঠিক তখনই দিল্লির এক সংস্থা কর্মীদের জন্য তৈরি করল দৃষ্টান্ত।
নিজেদের কর্মীদের জন্য দীপাবলির সময় টানা ন’দিনের ছুটি ঘোষণা করেছে দিল্লির পিআর ফার্ম এলিট মার্ক (Elite Marque)। কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও রজত গ্রোভার কর্মীদের উদ্দেশে একটি ই-মেলে এই ঘোষণা করেন।
ই-মেলটিতে তিনি কর্মীদের অনুরোধ করেন - এই ছুটির সময় যেন তাঁরা পুরোপুরি কাজ থেকে দূরে থাকেন, অফিসের ই-মেল বন্ধ রাখেন, পরিবারের সঙ্গে সময় কাটান। তাঁর বিশেষ অনুরোধ, 'রাত জেগে হাসুন, মিষ্টি খান, আর ঘুমের শিল্পে পারদর্শী হয়ে উঠুন'।
এই চিঠি পেয়ে কর্মীরা যেমন অবাক, তেমনই খুশি। সংস্থার এক কর্মী লিংকডইনে লিখেছেন, “অফিস আর ওয়ার্ক কালচার নিয়ে অনেক কথা হয়। কিন্তু সত্যিকারের ভাল ওয়ার্ক কালচার মানে এমন এক রিক্রুটার, যিনি কর্মীদের ভালমন্দকে সব সময় প্রাধান্য দেন। কারণ কর্মীদের ভাল থাকাই সংস্থার সাফল্যের ভিত্তি।”
তিনি আরও লেখেন, “দীপাবলিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এমন বিরতি পাওয়া সত্যিই বিশেষ অভিজ্ঞতা। এমন এক প্রতিষ্ঠানে কাজ করা সৌভাগ্যের, যেখানে কর্মীদের খেয়াল রাখাই প্রধান।”
সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, “এই ঘোষণা শুধুমাত্র কর্মীদের নয়, এইচআর টিমকেও অবাক করেছে। নতুন যাঁরা জয়েন করেছেন বা সিনিয়র লিডার - সবাই এই ই-মেলটিকে উপহার হিসেবে দেখছেন। এই উদ্যোগ প্রমাণ করে, কর্মীবান্ধব সংস্কৃতি শুধু কথায় নয়, কাজেও বাস্তবায়িত করা সম্ভব।”