শুধু চেহারা দেখে বা শখ মিলে যাওয়া নয়, সময় করে একে অপরকে প্রায়োরিটির জায়গায় আনার চেষ্টাও বলে দেবে দু’টো মানুষ একসঙ্গে থাকবে কিনা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 June 2025 21:20
দ্য ওয়াল ব্যুরো: জীবনে গতি যত বাড়ছে, চুপিসারে ভালোবাসা, সম্পর্ক আর সংযোগের ধরনটাই বদলে যাচ্ছে। ওয়ার্ক ফ্রম হোমের জমানায় অফিসের কাজ আরও বেশি করে ঢুকে পড়েছে ব্যক্তিগত সময়ের পরিসরে। সময় নিয়ে এই টানাটানিই নীরবে বদলে দিচ্ছে সম্পর্কের ধরন—ভালবাসা, ডেটিং, একে অপরের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা।
মনোবিদদের মতে, প্যান্ডেমিকের আগে সম্পর্ক মানে ছিল সব কিছু অ্যাডজাস্ট করে সময় বের করা। এখন মানুষ ইচ্ছাকৃতভাবে ঠিক করে নেয়, কাকে কতটা সময় দেবে। সেখানে একজনের বেশি ব্যস্ততা যেন সম্পর্কের মধ্যে এক অদৃশ্য হিসাবনিকাশ শুরু করে। তখন যাবতীয় দায় এসে পড়ে সম্পর্কের কাঁধে।
ডেটিংয়ের নতুন মাপকাঠি-
সময় যখন দুষ্প্রাপ্য সম্পদ, তখন একে অপরের প্রতি আকর্ষণের মানদণ্ডও বদলাচ্ছে। এখন শুধু চেহারা দেখে বা শখ মিলে যাওয়া নয়, সময় করে একে অপরকে প্রায়োরিটির জায়গায় আনার চেষ্টাও বলে দেবে দু’টো মানুষ একসঙ্গে থাকবে কিনা।
মনোবিদরা বলছেন, যে সবকিছু সামলেও দিনে কিছুটা সময় বার করে নিতে পারে, তাকে অনেক সময় বেশি আকর্ষণীয় মনে হয়। কারণ, যার সঙ্গে সময়ই মেলে না, তার সঙ্গে সম্পর্ক কীভাবে গড়ে উঠবে?
কীভাবে সামলাবেন এই দুঃসময়?
১) রোজকার কাজেই খুঁজে নিন রোম্যান্স
দু’জনেই ব্যস্ত, তাই একসঙ্গে সময় কাটানোর ধরনও বদলাবে। বাজার বা রান্না করা, জামাকাপড় ভাঁজ করার সময় বা জিমে যাওয়া- ছোটখাট নিত্যদিনের কাজের সময় একে অপরের সঙ্গে থাকাটা সুযোগ হিসেবে নিন।
এ যেন বাস্তববাদী ভালোবাসার যুগ- যেখানে, তোমার সঙ্গে থাকতে চাই- হোক না সেটা আমার ‘সকল কাজের মাঝে’।
২) সময়ের অভাব ইজ ইক্যুয়াল টু সময়ের বেশি মূল্য
‘তুমি আমার জন্য সময় বার করেছো’- এই ছোট্ট কথাটাও এখন অনেক সময় ‘ভালবাসি’ বলার থেকেও বেশি দামী হয়ে উঠছে। চোখে চোখ রাখা, একসঙ্গে নীরবতা ভাগ করে নেওয়া, সময় করে খোঁজ নেওয়া- হাজার ব্যস্ততার মধ্যে এই ছোট জিনিসগুলোয় বেশি গুরুত্ব দিন।
৩) ফোন-ল্যাপটপের সময় সীমিত করা
যখন কাজ আর ব্যক্তিগত জীবনের সীমা কিছুটা ঝাপসা হয়ে যায়, তখন সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার একটু বেশি চেষ্টা। ‘নির্দিষ্ট টেক-ফ্রি সময়’ অনেক সম্পর্ক মজবুত রাখতে সাহায্য করছে।
৪) ‘কোয়ালিটি টাইম’-এর বেশি গুরুত্ব
শুনতে খারাপ লাগলেও, প্রিয় মানুষের জন্য সময় বের করাই এখন চ্যালেঞ্জের সমান। তাই যতটা সময় পাবেন, নিজেদের মতো করে উপভোগ করুন।
‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্স’-এর জটিলতায় পড়ে অনেক জুটিই নতুন করে ভাবছেন সম্পর্ক নিয়ে। সবাই আর ‘একসঙ্গে সারাটা সময় কাটানোর’ মোহে নেই। বরং উপযুক্ত সময় বেছে সময় কাটানোর দিকেই জোর দিচ্ছেন বেশি। ভালবাসায় এখন ‘পারফেকশন’-এর বদলে ‘প্রেজেন্স’ বেছে নিচ্ছেন মানুষ।