এই বছরও সংস্থার শীর্ষ পারফর্মারদের হাতে গাড়ির চাবি তুলে দেন ভাটিয়া। এর পর শোরুম থেকে কোম্পানির ‘মিটস হাউস অফিস’-এর উদ্দেশে আয়োজিত হয় এক বিশেষ 'কার গিফট র্যালি।'

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 20 October 2025 16:43
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে কর্মীদের খুশি করতে ৫১টি নতুন গাড়ি উপহার দিলেন এক উদ্যোক্তা। আনন্দ ভাগ করে নিতেই এই পদক্ষেপ বলে জানালেন। মিটস হেলথকেয়ারের (Mits Healthcare)কর্মীরা স্বভাবতই উচ্ছ্বসিত। তবে, এটা প্রথম বছর নয়, এর আগেও এভাবেই মূল্যবান উপহার, এমনকি গাড়িও গিফট করেছেন চণ্ডীগড়ের এম রে ভাটিয়া।
সামাজিক কর্মী ও ব্যবসায়ী ভাটিয়া জানিয়েছেন, এই উদ্যোগ তিনি নিয়েছেন কর্মীদের কঠোর পরিশ্রম আর নিষ্ঠার স্বীকৃতি দিতে। তাঁর সংস্থার সাফল্যের পিছনে এই টিমেরই অবদান সবচেয়ে বেশি, তাই কৃতজ্ঞতা স্বীকার করেছেন খুশি করে।
লিঙ্কডইনে নিজের পোস্টে ভাটিয়া লেখেন, 'গত দুই বছর ধরে আমরা আমাদের অসাধারণ টিমকে গাড়ি উপহার দিয়ে উদযাপন করেছি। এ বছরও ব্যতিক্রম হয়নি। আমি কখনও ওঁদের ‘কর্মচারী’ বলিনি, এঁরাই আমার জীবনের ‘ফিল্মি’ গল্পের রকস্টার, যারা প্রতিটি দৃশ্যকে ব্লকবাস্টার বানায়।'
এই বছরও সংস্থার শীর্ষ পারফর্মারদের হাতে গাড়ির চাবি তুলে দেন ভাটিয়া। এর পর শোরুম থেকে কোম্পানির ‘মিটস হাউস অফিস’-এর উদ্দেশে আয়োজিত হয় এক বিশেষ 'কার গিফট র্যালি।'
কেন এত ব্যয়সাপেক্ষ উপহার দেন প্রতি বছর? ভাটিয়ার কথায়, 'আমার সহকর্মীরাই আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেরুদণ্ড। ওঁদের পরিশ্রম, সততা আর নিষ্ঠার ফলেই আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। তাই তাঁদের কাজকে সম্মান জানানো আর অনুপ্রেরণা দেওয়া— এটাই আমার একমাত্র লক্ষ্য।'
ভাটিয়ার এই উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই তাঁর উদারতা এবং মানবিকতার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, 'আমি এই ভিডিওটা আমার ম্যানেজারকে দেখালাম, উনি বললেন এটা না কি এআই-তে বানানো ভিডিও! আমাদের কোম্পানি শুধু ছোট্ট একটা ড্রাই ফ্রুটের বয়াম আর চারটে প্রদীপ দিয়েছে।' আরেক জনের মন্তব্য, 'আপনার টিমের জন্য সত্যিই আনন্দের মুহূর্ত। ঈশ্বর করুন, আপনাদের জীবনে আরও সুখ আর সাফল্য আসুক।'
তৃতীয় জন লিখেছেন, 'এম কে ভাটিয়া জি, আপনার মতো মানুষ এই যুগে বিরল। আপনার এই আচরণ ঈশ্বরের এক আশীর্বাদ, আপনি যা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।'