
ব্ল্যাক ফ্রাইডে সেল।
শেষ আপডেট: 27 November 2024 15:23
দ্য ওয়াল ব্যুরো: এ বছরের ব্ল্যাক ফ্রাইডে ২০২৪ (Black Friday 2024) হতে চলেছে ২৯ নভেম্বর। ক্যালেন্ডারের হিসেবে, এটি আমেরিকান থ্যাংকসগিভিং ডের (Thanksgiving Day) ঠিক পরের দিন। কেন এই দিনটি ‘ব্ল্যাক ফ্রাইডে’ নামে পরিচিত, তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, রয়েছে গুরুত্বপূর্ণ তাৎপর্যও (Black Friday Sales)।
ব্ল্যাক ফ্রাইডে সরাসরি থ্যাংকসগিভিং-এর সঙ্গে সম্পর্কিত। থ্যাংকসগিভিং প্রতিবার নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারে হয় এবং তার পরদিনই ব্ল্যাক ফ্রাইডে পালিত হয়। ১৯৬০-র দশকে ফিলাডেলফিয়ার পুলিশ প্রথম ‘ব্ল্যাক ফ্রাইডে’ শব্দটি ব্যবহার করে। কারণ প্রতি বছরই থ্যাংকসগিভিং-এর পরের এই দিনটিতে শহরে ভিড়, যানজট, ও বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশদের অসুবিধার সম্মুখীন হতে হতো। তখন এটি একটি নেতিবাচক অর্থ বহন করত।

১৯৮০-র দশকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ একটি পজিটিভ একটি রূপ পায়। কারণ খুচরা বিক্রেতারা এই দিনটিকে লাভজনক হিসেবে চিহ্নিত করেন। এই দিন মানুষজন বেশি রাস্তাঘাটে বেরোতেন বলেই, বিপুল বিক্রয়ের মাধ্যমে অনেক ব্যবসা বছরের জন্য লাভজনক অবস্থায় পৌঁছাত।

ব্ল্যাক ফ্রাইডে ধীরে ধীরে খুচরো বিক্রেতাদের জন্য সবচেয়ে লাভজনক দিন হয়ে ওঠে। সেই সঙ্গেই ক্রেতাদের জন্যও এটি একটি বিশেষ দিন হয়ে ওঠে। কারণ এই দিনে প্রচুর ছাড় ও আকর্ষণীয় অফার পাওয়া যায় ব্যবসায়ীদের তরফে। বড় ছাড়ের মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ করা হয়, যা বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। কম মুনাফা হলেও বিক্রির পরিমাণ বেশি হওয়ায় লাভ হয়। ফলে আসন্ন বড়দিনের ছুটির মরশুমে নানা উপহার কেনার জন্য এই দিনটি বহু মানুষের পছন্দের দিন হয়ে ওঠে।
এটি মূলত আমেরিকান প্রথা হলেও এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী বিক্রেতারা এই ট্রেন্ড অনুসরণ করে ব্যবসা প্রচুর বাড়ে এই সময়ে। অনেক পরিবার ব্ল্যাক ফ্রাইডেকে থ্যাংকসগিভিং-এরই অংশ হিসেবে দেখে এবং পরিবারের সবাই মিলে কেনাকাটা করতে যায়।

এক কথায় বলতে গেলে, থ্যাংকসগিভিং-পরবর্কী ব্ল্যাক ফ্রাইডে আজ বিশ্বব্যাপী জনপ্রিয়। ক্রেতা ও বিক্রেতার জন্য এই উৎসবমুখর দিনে প্রচুর ছাড় এবং কেনাকাটার সুযোগ থাকে।