অদ্ভুত হলেও সত্যি, যে চ্যাটবট বাম্বলবি (Bumblebee)-কে প্রশিক্ষণ দিয়েছিলেন ক্যাথরিন, সেই-ই শেষমেশ কিনা তাঁর জায়গা নিল। কয়েক মাস ধরে তিনি চ্যাটবটের জন্য স্ক্রিপ্ট বানাতেন, উত্তর পরীক্ষা করতেন।

ছবি- এআই
শেষ আপডেট: 4 September 2025 18:03
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ব্যাঙ্ক কমনওয়েলথ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া (CBA)-র প্রাক্তন কর্মী ক্যাথরিন সুলিভান বলছেন, 'চাকরি হারানোর খবরে তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন।' গত জুলাইয়ের শেষে তাঁকে আরও ৪৪ জন কর্মীর সঙ্গে ছাঁটাই করা হয়। কারণ, গ্রাহক পরিষেবার জায়গায় ব্যাঙ্ক এনেছে নতুন এআই চ্যাটবট (AI Chatbot)।
ক্যাথরিন চোখের জল আটকে জানালেন, কখনও ভাবেননি তাঁকে চাকরি হারাতে হবে। ৬৩ বছরের এই প্রাক্তন কর্মী ২০০০ সালে CBA-তে যোগ দিয়েছিলেন। গত পাঁচ বছর ধরে তিনি কাজ করছিলেন কাস্টমার মেসেজিং টিমে। ২৮ জুলাই তাঁকে জানানো হয়, তাঁর আর প্রয়োজন নেই। ক্যাথরিন বলেন, 'আমি এত দিন ধরে বিশ্বস্তভাবে কাজ করেছি, আর এটাই আমার প্রাপ্য? আমি প্রাণপণ পরিশ্রম করেছি, গর্ব করে কোম্পানির ইউনিফর্ম পরেছি।'
অদ্ভুত হলেও সত্যি, যে চ্যাটবট বাম্বলবি (Bumblebee)-কে প্রশিক্ষণ দিয়েছিলেন ক্যাথরিন, সেই-ই শেষমেশ কিনা তাঁর জায়গা নিল। কয়েক মাস ধরে তিনি চ্যাটবটের জন্য স্ক্রিপ্ট বানাতেন, উত্তর পরীক্ষা করতেন। যখনই বট সঠিক উত্তর দিতে ব্যর্থ হতো, তখন তিনিই গ্রাহকদের সাহায্য করতেন।
ক্যাথরিনের আশা ছিল, চ্যাটবট চালু হওয়ার পর তাঁকে অন্য দলে পাঠানো হবে। কিন্তু তেমনটা তো হলই না বরং এর বদলে তাঁর চাকরিই চলে গেল। 'আমরা জানতাম এই কাজ হয়তো বিদেশে চলে যাবে, কিন্তু ২৫ বছরের চাকরির পর আমাকে বাদ দেওয়া হবে, তা স্বপ্নেও ভাবিনি। অনিচ্ছাকৃতভাবে আমি নিজেই আমার চাকরির বিকল্প তৈরি করলাম', বলেন তিনি।
জুলাই মাসে এই ছাঁটাইয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়ে CBA। ফিন্যান্স সেক্টর ইউনিয়ন (FSU) বিষয়টি ফেয়ার ওয়ার্ক কমিশনে নিয়ে গেলে, এক মাস পর ব্যাঙ্ক সিদ্ধান্ত প্রত্যাহার করে।
প্রথমে ব্যাঙ্ক দাবি করেছিল, নতুন চ্যাটবট প্রতি সপ্তাহে প্রায় ২০০০ গ্রাহক কল কমিয়েছে। কিন্তু পরে দেখা যায়, কলের সংখ্যা বেড়েছে। একজন মুখপাত্র স্বীকার করেন, '৪৫টি পদ অপ্রয়োজনীয় বলে যে মূল্যায়ন করা হয়েছিল, তা সঠিক ছিল না। আমরা কর্মীদের কাছে ক্ষমা চেয়েছি এবং অভ্যন্তরীণ প্রক্রিয়া পুনর্বিবেচনা করছি।'
ছাঁটাই হওয়া কর্মীদের আবার চাকরিতে ফেরার প্রস্তাব দেওয়া হলেও, ক্যাথরিন-সহ কয়েকজন তা প্রত্যাখ্যান করেছেন। তাঁদের বক্তব্য, চাকরি ফেরতের সময় যে পদগুলি প্রস্তাব করা হয়েছিল তা উপযুক্ত নয়।