নিয়মিত তাঁর ব্যতিক্রমী পোস্টের জন্য পরিচিত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। এবার আবারও এক অনন্য উদ্যোগ, মধ্যপ্রদেশের এক যুবকের একার লড়াইকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তিনি। বিট্টু তবাহি তাঁকে এতটাই প্রভাবিত করেছে যে ওই যুবককে নিজের “মানডে মোটিভেশন” বলেও উল্লেখ করলেন আনন্দ মাহিন্দ্রা।

আনন্দ মাহিন্দ্রা এবং বিট্টু তবাহি
শেষ আপডেট: 30 March 2026 19:27
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিন মানে, গোটা ৬টা দিন সামনে পড়ে এখনও। অনেকের কাছেই সেটা যেন একটা বিভীষিকার মতো। 'মানডে মোটিভেশন' দরকার পড়ে বটে। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রারও দরকার হয় 'মোটিভেশনে'র (Anand Mahindra Monday Motivation), তখন তিনি কাকে 'ফলো' করেন - সেটাই তিনি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।
নিয়মিত তাঁর ব্যতিক্রমী পোস্টের জন্য পরিচিত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। এবার আবারও এক অনন্য উদ্যোগ, মধ্যপ্রদেশের এক যুবকের একার লড়াইকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তিনি (Anand Mahindra praises Bittu Tabahi)। বিট্টু তবাহি নামক ওই যুবকের দূষিত নদী পরিষ্কারের কাজে ঝাঁপিয়ে পড়া (MP man cleans river alone viral) তাঁকে এতটাই প্রভাবিত করেছে যে তাঁকে নিজের “মানডে মোটিভেশন” বলে উল্লেখ করলেন আনন্দ মাহিন্দ্রা।
এক্স (X) প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি প্রশংসা করেছেন মধ্যপ্রদেশের বিয়াওরা এলাকার বাসিন্দা বিট্টু তবাহির। যদিও সোশ্যাল মিডিয়ার একাংশের অভিযোগ ছিল, অনলাইনে ভিউ বাড়ানোর জন্যই নাকি নদী পরিষ্কারের এই কাজ করছেন বিট্টু। কিন্তু সেই সমালোচনার বিপরীতে দাঁড়িয়ে ভিন্ন সুর শোনা গেল শিল্পপতির কথায়।
তিনি লিখেছেন, সাধারণত সোশ্যাল মিডিয়াকে তুচ্ছ বিষয়কে বাড়িয়ে তোলার জন্য দায়ী করা হয়। কিন্তু যদি ‘লাইক’ পাওয়ার ইচ্ছাই কাউকে ভাল কাজের দিকে ঠেলে দেয়, তাতে আপত্তির কিছু নেই। তাঁর কথায়, “বিয়াওরার এই যুবক নদীর কিছু অংশ পরিষ্কার করার দাবি করায় সমালোচিত হয়েছিল। আমরা তো প্রায়ই বলি সোশ্যাল মিডিয়া অর্থপূর্ণ কাজের বদলে তুচ্ছ বিষয়কে গুরুত্ব দেয়। কিন্তু যদি ‘লাইক’-এর আকাঙ্ক্ষা ভাল কাজের প্রেরণা হয়ে ওঠে, তাহলে সেটাও গ্রহণযোগ্য… বিট্টু তবাহি আমার #MondayMotivation।”
এই পোস্টের সঙ্গে একটি ভিডিওও শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায় বিট্টু নিজে হাতে দূষিত নদী থেকে প্লাস্টিক, আবর্জনা এবং শ্যাওলা সরাচ্ছেন। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
আনন্দ মাহিন্দ্রার এই পোস্ট মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। সমালোচনা থাকলেও বহু মানুষ বিট্টুর প্রচেষ্টার পাশে দাঁড়িয়েছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “যেখানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অনেক সময় তুচ্ছ বিষয় থেকে আসে, সেখানে কেউ যদি ভিউ পেতে গিয়ে নদী পরিষ্কার করে, তা হলেও সেটি ইতিবাচক ফল। উদ্দেশ্য গুরুত্বপূর্ণ, কিন্তু ফলাফল আরও বেশি গুরুত্বপূর্ণ।”
আরেকজন মন্তব্য করেন, “মাউন্টেন ম্যান দশরথ মাঝির মতোই এখন বিট্টু - একজন একাকী যোদ্ধা। একজন যদি পারে, তবে গোটা দেশ যদি পরিষ্কার-পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেয়, তাহলে সত্যিই স্বচ্ছ ভারত গড়া সম্ভব।”
তৃতীয় এক ব্যবহারকারীর কথায়, “কিছু না করার থেকে এটা অনেক ভাল। প্রজাতন্ত্র দিবসে শুরু করে এখনও চালিয়ে যাচ্ছে। নদী এখন অনেকটাই পরিষ্কার দেখাচ্ছে।”
আরও এক নেটিজেনের মত, “অনুপ্রেরণার উৎস যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলাফল। যদি ‘লাইক’ মানুষকে বাস্তবে কাজ করতে উদ্বুদ্ধ করে, তাহলে সেটাকে উৎসাহ দেওয়া উচিত।”
কে এই বিট্টু তবাহি?
মধ্যপ্রদেশের বিয়াওরার বাসিন্দা বিট্টু তবাহি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা এক লক্ষেরও বেশি। নিয়মিতভাবে বিভিন্ন নোংরা পাবলিক স্পেস এবং জলাশয় পরিষ্কারের ভিডিও পোস্ট করেন তিনি।
সম্প্রতি তিনি অজনার (Ajnar) নদী পরিষ্কারের জন্য ভাইরাল হন। ইকনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জানুয়ারি কয়েকজন বন্ধুকে নিয়ে এই কাজ শুরু করেছিলেন তিনি। যদিও পরে তাঁর সঙ্গীরা সরে যান, তবুও একাই এই কাজ চালিয়ে যান বিট্টু।
কয়েক সপ্তাহ ধরে নিজের হাতে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা তুলে নদী পরিষ্কার করার এই প্রচেষ্টা সোশ্যাল মিডিয়ায় যেমন আলোচনায় এসেছে, তেমনই বাস্তবেও এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।