হঠাৎ করে ট্রেন্ডে আসা ‘লাবুবু কালচার’-কে এমন নিখুঁত শব্দ দিয়ে মেলে ধরাটাই হল ‘ক্লাসিক’ আমুল।

শেষ আপডেট: 20 July 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: ট্রেন্ডে গা ভাসিয়ে সবসময় নতুন কিছুতে এগিয়ে থাকতে সমসাময়িক ব্র্যান্ডগুলির মধ্যে ‘আমুল’-এর জুড়ি মেলা ভার। তাদের ‘টপিক্যাল’ বিজ্ঞাপন মানেই সময়কে ধরার নিখুঁত কৌশল। হোক না সেটা রাজনীতি, ক্রিকেট, বা পপ কালচারের হালফিল হইচই। ট্রেন্ড শুরু হলে অনেকেই তাতে লাফান, কিন্তু আমুল যেন নিজেই একটা ট্রেন্ড।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে সেলিব্রিটি লুকবুকে ঝড় তুলছে একটাই নাম, লাবুবু। এই ছোট্ট, অদ্ভুত সুন্দর পুতুলগুলো এখন বিলাসবহুল ফ্যাশনের নতুন ভাষা। লিমিটেড এডিশন রিলিজ, ইনফ্লুয়েন্সার পোস্ট, আর নামজাদা ব্যাগের সাথে ঝুলন্ত এই ডল – সবেতেই মাত করছে লাবুবু।
আর তাই, এমন কিছু নিয়ে আমুল কিছুই করবে না, এটা তো ভাবাই যায় না।
আমুলের নতুন টপিক্যালে (পোস্টার) দেখা যাচ্ছে সেই চেনা আমুল কন্যেকে (Amul girl)। মাটিতে সে বসে, হাতে এক টুকরো মাখনমাখা পাউরুটি। পাশে এক টুলের উপর রাখা লাবুবু পুতুল। টেবিলের উপর মাখনের ব্লক, তাতে গেঁথে আছে একটা ছুরি।
আর উপরে হেডলাইন? “Labubhook laggi hai?” (লাবুভুক লাগি হ্যায়?) নিচে লেখা “Eat doll-ops.” (ইট ডল-ওপস)।
এই হঠাৎ করে ট্রেন্ডে আসা ‘লাবুবু কালচার’-কে এমন নিখুঁত শব্দ দিয়ে মেলে ধরাটাই হল ‘ক্লাসিক’ আমুল।
পোস্টটির ক্যাপশন ছিল—“#Amul Topical: Labubu dolls are all the craze.”
আর ইন্টারনেট? উত্তেজনায় মেতে রয়েছে। লাবুবু জিআইএফ (GIF), হার্ট আই ইমোজি, আর কমেন্ট: “Amul is always cooking”, যার অর্থ খানিক এই যে, ‘আমুল সবসময় হাজির’—এই নিয়েই ছয়লাপ।
সেলেবরাও এদিকে রীতিমতো এখন বুঁদ লাবুবু-তে। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই চোখে পড়বে কোনও না কোনও সেলেবের ব্যাগে ঝুলছে এক বা একাধিক লাবুবু। ব্যাপারখানা খানিক যেন এই, আউটফিট যতই মিনিমাল হোক, সঙ্গের ব্র্যান্ডেড ব্যাগে ঝুলতে থাকা লাবুবু-তে চোখ আটকাবেই।
ফ্যাশন? ফুল মার্কস।