ভিডিওয় দেখা গিয়েছে, একজন আফ্রিকান অর্ধনগ্ন ব্যক্তি ও তাঁর সঙ্গে একঝাঁক মহিলা এবং বাচ্চাকাচ্চা নিয়ে একটি ব্যক্তিগত জেট বিমান থেকে অবতরণ করছেন।

এমসোয়াতি হলেন আফ্রিকার শেষ নিরঙ্কুশ রাজতন্ত্রের রাজা।
শেষ আপডেট: 6 October 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি বিমানবন্দরে একটি দৃশ্য দেখে পিলে চমকে উঠেছে দুনিয়ার নেটপাড়ার। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে, একজন আফ্রিকান অর্ধনগ্ন ব্যক্তি ও তাঁর সঙ্গে একঝাঁক মহিলা এবং বাচ্চাকাচ্চা নিয়ে একটি ব্যক্তিগত জেট বিমান থেকে অবতরণ করছেন। উপরিভাগের প্রায় পেট অবধি নিরাবরণ। তার নীচে রঙচঙে পোশাক লুঙ্গির মতো করে আঁটা। তাঁকে চারপাশে ঘিরে থাকা লোকজন কোমর ঝুঁকিয়ে এবং কুর্নিশ করার ভঙ্গিতে অভিবাদন জানাচ্ছেন।
স্বাভাবিকভাবেই ধনী মানুষের আনাগোনার শহরে একটাই প্রশ্ন ওঠে, কে এই ব্যক্তি? কেন তিনি এভাবে বিলাসবহুল ভ্রমণ করছেন, যেখানে তাঁর নিজের পরার মতো উপযুক্ত পোশাক নেই? আর তাঁর সঙ্গে থাকা এই মহিলা ও বাচ্চারাই বা কারা? এই মানুষটি আর কেউ নন, তিনি হলেন রাজা তৃতীয় এমসোয়াতি। নিবাস এসোয়াতিনি (সাবেক সোয়াজিল্যান্ড)। যা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত।
এমসোয়াতি হলেন আফ্রিকার শেষ নিরঙ্কুশ রাজতন্ত্রের রাজা। তাঁর আমিরশাহিতে নাটকীয় এই আবির্ভাবটি ঘটেছিল মাসখানেক আগে। তবে ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। সঙ্গের মহিলারা ছিলেন রাজা ১৫ জন স্ত্রী অর্থাৎ রানি। এবং বাচ্চাগুলি তাঁদেরই অর্থাৎ রাজপুত্র। সঙ্গে এসেছিল প্রায় শখানেক ঠাকুর-চাকর।
সপার্ষদ রাজার এই বিশাল বপুর বাহিনী দেখে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়ে। তিনটি টার্মিনালের গেট অস্থায়ীভাবে আটকে দেওয়া পরিস্থিতি সামাল দিতে। পরে জানা যায়, আমিরশাহিতে রাজা এসেছেন কূটনৈতিক সফরে। তবে আর্থিক চুক্তির জন্য আগমন ঘটলেও রাজার চালে ঘোরাফেরা করেন বলে এরকমভাবে গোটা রাজসভা ও অন্তঃপুর চলে এসেছে তাঁর সঙ্গে।
রাজপরিবারে বহু বিয়ে করাটা একটা আভিজাত্যের প্রকাশ। তাঁর বাবা সোয়াজিল্যান্ডের প্রাক্তন রাজার ছিল ৭০-র বেশি স্ত্রী। কিছু সংবাদে জানা যায়, সংখ্যাটা ১২৫। সন্তানের সংখ্যা ২১০ এবং হাজারখানেক নাতিনাতনি। রাজা এমসোয়াতির ৩০টি বিয়ে। তবে এখন ১৫ জন স্ত্রী সঙ্গে থাকেন। ১৯৮৬ সাল থেকেই তিনি দেশের রাজা। তাঁকে বিশ্বের ধনীতম সম্রাট বলে মনে করা হয়। আনুমানিক ১০০ কোটি ডলারের সম্পত্তি আছে তাঁর।