শেষ আপডেট: 18 May 2020 05:07
বুদ্ধমুর্তি সরস্বতী[/caption]
জাপানের সাতজন সৌভাগ্যের দেবতার মধ্যে অন্যতমা হলেন দেবী সরস্বতী। জাপানে তাঁর নাম ‘বেঞ্জাইতেন'। তিনি পাতালের দেবী এম্মাতেনের দিদি। তাঁর স্বামী হলেন বনতেন (ব্রহ্মা)। মা সরস্বতী ভারতে বিদ্যা ও জ্ঞানের দেবী। জাপানে দেবী সরস্বতী বিদ্যা ও জ্ঞানের সঙ্গে, জল, সময়, সৌন্দর্য্য, সঙ্গীত ও শক্তিরও দেবী। ভারতের বিভিন্ন রাজ্যে মা সরস্বতী চতুর্ভুজা হলেও, জাপানে কিন্তু তিনি বাংলার সরস্বতী প্রতিমার মতোই দ্বিভুজা।
আবার কখনও কখনও জাপানে চতুর্ভুজা সরস্বতী ও অষ্টভুজা সরস্বতীও দেখতে পাওয়া যায়। অষ্টভুজা শক্তিরুপিনী সরস্বতী, তাঁর আটটি হাতে ধরে থাকেন বিভিন্ন অস্ত্রও ও তিন মাথা যুক্ত সাপ। তিনি জাপানের জনসাধারণ ও রাষ্ট্রের রক্ষয়িত্রীও। শক্তিরুপিনী সরস্বতীর সঙ্গে নীলমাতা পুরাণে বর্ণিত নীল সরস্বতীর মিল আছে। যদিও নীল সরস্বতী চতুর্ভুজা।
[caption id="attachment_221854" align="aligncenter" width="640"]
জাপানের সরস্বতী বেঞ্জাইতেন[/caption]
ভারতে মা সরস্বতীর হাতে যেমন বীণা থাকে, তেমনই জাপানের সরস্বতী, দেবী বেঞ্জাইতেনের হাতে আছে বিওয়া (বীণা) নামের এক ঐতিহ্যবাহী জাপানি বাদ্যযন্ত্র। ভারতে মা সরস্বতীর বাহন রাজহাঁস হলেও, জাপানের বেশিরভাগ বিগ্রহে, মা সরস্বতীর কোনও বাহন নেই। কোনও কোনও বিগ্রহে তাঁর সঙ্গে ড্রাগন অথবা সাপ দেখতে পাওয়া যায়। পুরাণে বলে, মা সরস্বতী ত্রিমুণ্ডধারী বৃত্রাসুরকে বধ করেছিলেন। সেই বৃত্রাসুরের অপর নাম ছিল “অহি” বা সাপ (ঋগ্বেদ -৬.৬১.৭)। তাই কি জাপানে মা সরস্বতী বা বেঞ্জাইতেনের বাহন সাপ!
মনে প্রশ্ন জাগতে পারে, মা সরস্বতী ভারতবর্ষ থেকে সুদূর জাপানে কী ভাবে গিয়ে পৌঁছলেন? ইতিহাসবিদেরা বলছেন, খ্রিস্টীয় দ্বিতীয় শতক থেকে পঞ্চদশ শতক পর্যন্ত, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের বিস্তীর্ণ স্থলভাগ জুড়ে শাসন করতেন চম্পা সাম্রাজ্যের হিন্দু সম্রাটেরা। বর্তমান ভিয়েতনামের মধ্য ও দক্ষিণ অংশ জুড়ে ছিল সেই চম্পা সাম্রাজ্য। যে সাম্রাজ্যটির প্রথম রাজধানী ছিল ইন্দ্রপুরা। প্রথম সম্রাট ছিলেন ভদ্রবর্মন। এই চম্পা সাম্রাজ্য হয়েই হিন্দু ধর্ম পৌঁছে গিয়েছিল জাপানে। জাপানে বৌদ্ধ ধর্ম পৌঁছবার বহু শতাব্দী আগেই। জাপানে মা সরস্বতী বা বেঞ্জাইতেনের পুজো শুরু হয়েছিল খ্রিষ্টীয় ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দীর মধ্যে।
[caption id="attachment_221856" align="aligncenter" width="318"]
শক্তিরুপিনী বেঞ্জাইতেন’[/caption]
তবে জাপানের মা সরস্বতী, আজ আর হিন্দু দেবতা নন। আজ তিনি বৌদ্ধ ও শিন্টো ধর্মের দেবী। জাপানের অন্যতম বৃহৎ শিন্টো ধর্মে দেবতাকে বলা হয় কামি বা জিনগি। মা সরস্বতী 'বেঞ্জাইতেন'কে দেবতা বা 'কামি'র নারীরূপ হিসেবে আরাধনা করা হয়। শিন্টো ধর্মের উপাসকদের কাছে মা সরস্বতীর নাম 'উগা বেনতেন'।
বৌদ্ধ ধর্মের মহায়ন শাখার পদ্মসূত্র এবং সুবর্ণপ্রভাসা সূত্রে মা সরস্বতী 'বেঞ্জাইতেনের উল্লেখ আছে। আদিতে সূত্রদুটি লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়। পরবর্তীকালে সুত্রদুটি পূর্ব এশিয়ার বিভিন্ন ভাষায় অনুদিত করা হয়। কারণ, পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আজও আছেন মা সরস্বতী ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন বিগ্রহে। চিনে মা সরস্বতীর নাম 'বিয়ানসাই চাই তিয়ান', কোরিয়ায় 'বাইএওঞ্জাই চেয়ন', থাইল্যান্ডে 'সুরাটস্বোয়াদি', তিব্বতে 'ইয়ানচেংমা', ভিয়েতনামে 'বয়েন তাই থিয়েন', মায়ানমারে 'থুরাথাদি'।
[caption id="attachment_221849" align="aligncenter" width="618"]
অপরদিকে, জাপানের শিঙ্গন ও তেন্দাই বৌদ্ধদের মা সরস্বতী আরাধনা পদ্ধতির সঙ্গে হিন্দুধর্মের রীতিনীতির মিল আছে ৷ তাঁরা মা সরস্বতীর পুজো করে আসছেন মন্ত্রোচ্চারণ করে। এমনকি, হোমও করা হয় মা সরস্বতীর পুজায়। জাপানি ভাষায় হোম'কে বলা হয় গোমা৷ শিঙ্গনরা তান্ত্রিক বৌদ্ধধর্মের একটি শাখা। সংস্কৃত তাঁদের কাছে অতি পবিত্র ভাষা৷ তাঁরা বিশুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণ করেই যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দেন৷
এভাবেই জাপান, বারোশো বছর ধরে, বছরের প্রতিদিন মা সরস্বতীর আরাধনা করে আসছে। নিজেদের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করার জন্য। আর আমরা মা সরস্বতীর শরণাপন্ন হই পরীক্ষার আগের দিন এবং শুক্লা পঞ্চমীতে।