সপ্তম শ্রেণির সমাজ বিজ্ঞানের পরিমার্জিত পাঠ্যপুস্তকে দেশের ইতিহাসে হিংসাত্মক সময়কালকে তুলে ধরা হয়েছে।

মামুদ এদেশে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছিলেন।
শেষ আপডেট: 8 December 2025 16:30
দ্য ওয়াল ব্যুরো: গজনির সুলতান মামুদের নৃশংস অত্যাচার ও ভারতে একের পর এক হিন্দু মন্দির লুণ্ঠন ও ধ্বংসের ইতিহাস এবার শিশু পাঠ্যবইয়ে। সপ্তম শ্রেণির সমাজ বিজ্ঞানের পরিমার্জিত পাঠ্যপুস্তকে দেশের ইতিহাসে হিংসাত্মক সময়কালকে তুলে ধরা হয়েছে। NCERT-র সপ্তম শ্রেণির নতুন সমাজ বিজ্ঞানের বই গত শুক্রবার প্রকাশিত হয়েছে। সেখানে গজনির সুলতান মামুদের ভারত আক্রমণের অংশটি একটি সামান্য অনুচ্ছেদ থেকে বিস্তারিত করে ৬ পাতার বর্ণনা রয়েছে।
ছাত্ররা এখন থেকে জানতে পারবে গজনির সুলতানের মথুরা, কনৌজ ও গুজরাতের সোমনাথ মন্দির আক্রমণের বিস্তৃত ইতিহাস। বিস্তারিত ইতিহাস ছাড়াও ছবিতে সেই বিবরণ আঁকা রয়েছে। শুধুমাত্র ভারত-লুণ্ঠন ও ধ্বংসাত্মক কাজ নয়, মামুদের নৃশংস অত্যাচার ও হত্যালীলার কথাও তুলে ধরা হয়েছে ইতিহাসে। একইসঙ্গে অ-মুসলিম এলাকায় ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টার কথাও উল্লেখ রয়েছে এই অংশে।
পাঠ্যপুস্তকে মামুদের ভারত আক্রমণের ফলাফলের বর্ণনায় কোনও কার্পণ্য করা হয়নি। মামুদ এদেশে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছিলেন। এখান থেকে শিশু সহ কর্মঠ যুবকদের ধরে নিয়ে গিয়ে তৎকালীন মধ্য এশিয়া দাসবাজারে বিক্রি করে দিয়েছিলেন। এছাড়াও মন্দির ও পবিত্র তীর্থস্থান ধ্বংসের বর্ণনা রয়েছে। মামুদ হিন্দু, বৌদ্ধ, জৈন এবং ইসলামে যারা বিশ্বাসী নয়, তাদের উপর অমানুষিক অত্যাচার নিধন চালিয়েছিলেন।
মামুদের ঐতিহাসিক আল-উতবির লেখাতেই এই মন্দির ধ্বংসের কথা রয়েছে। লুটের মাল হিসেবে শিশু ও গবাদি পশু নিয়ে যাওয়ার বর্ণনা দিয়েছেন আল-উতবি। জয় করা জায়গায় মসজিদ স্থাপনের ইতিহাসও রয়েছে। আল বিরুনির বর্ণনায় রয়েছে কীভাবে সোমনাথ মন্দিরের শিবলিঙ্গ ধ্বংস করা হয়েছে এবং তার কিছুটা অবশেষ গজনিতে নিয়ে যাওয়া হয়।
Turning Tides: 11th and 12th centuries শীর্ষক অধ্যায়ে মহম্মদ ঘোরি, তাঁর সেনাপতি কুতুব-উদ-দিন-আইবক, বখতিয়ার খিলজির অত্যাচারের কথাও রয়েছে। খিলজি কীভাবে বৌদ্ধবিহার নালন্দা ও বিক্রমশীলা ধ্বংস করেছিলেন তার কথা উল্লেখ রয়েছে। পুরনো বইতে এই অংশগুলি ছিলই না।